আগামী ২৮ ফেব্রুয়ারি পবিত্র শবে মেরাজ
আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) থেকে পবিত্র রজব মাস গণনা শুরু এবং আগামী ২৮ ফেব্রুয়ারি (২৬ রজব) দিনগত রাতে পবিত্র শবে মেরাজ উদযাপিত হবে।
গত বুধবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুনিম হাসান।
সভায় ১৪৪৩ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা হয়।
এতে দেখা যায় যে, আজ ২৯ জমাদিউস সানি ১৪৪৩ হিজরি, ১৯ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ, ২ ফেব্রুয়ারি ২০২২ খ্রি. বুধবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখার খবর পাওয়া গেছে। এ অবস্থায় আগামীকাল ২০ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ, ৩ ফেব্রুয়ারি ২০২২ খ্রি. বৃহস্পতিবার থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হবে। এর পরিপ্রেক্ষিতে আগামী ২৬ রজব ১৪৪৩ হিজরি, ১৫ ফাল্গুন, ১৪২৮ বঙ্গাব্দ, ২৮ ফেব্রুয়ারি ২০২২ খ্রি. সোমবার দিনগত রাতে পবিত্র শবে মেরাজ পালিত হবে।