৩১ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ছুটি বাড়ল
শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ৩১ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এই সময়ে দেশের সব রকমের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে আগামী ৬ আগস্ট পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ঘোষণা করা হয়। করোনা পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক না হওয়ায় ছুটি আরো বাড়নো হয়েছে।
করোনাভাইরাসের সংকটের মুখে দেশের প্রায় চার কোটি শিক্ষার্থীর প্রাতিষ্ঠানিক শিক্ষামূলক কার্যক্রম ব্যাহত হচ্ছে। অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে ২০২০ সালের এইচএসসি পরীক্ষা। প্রাথমিকের প্রথম সাময়িক পরীক্ষা এবং মাধ্যমিক বিদ্যালয়ের অর্ধ-বার্ষিক পরীক্ষাও সংকটের জন্য পিছিয়ে দেয়া হয়েছে।
স্কুল বন্ধ হলেও শিক্ষার্থীরা যাতে বাড়িতে বসে ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারে সে লক্ষ্যে সরকার সংসদ বাংলাদেশ টিভিতে গত ২৯ মার্চ থেকে মাধ্যমিক শিক্ষার্থীদের ও ৭ এপ্রিল থেকে কারিগরি ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য দূরশিক্ষণ কার্যক্রম শুরু করেছে।