৩০ আগস্ট আসছে ফাইজারের আরও ১০ লাখ টিকা
আগামী ৩০ আগস্ট যুক্তরাষ্ট্রের উপহার হিসেবে আরও ১০ লাখ ফাইজারের টিকা দেশে আসছে। ৩০ আগস্ট সন্ধ্যা সোয়া ৭টায় কাতার এয়ারওয়েজেরর একটি ফ্লাইট কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় যুক্তরাষ্ট্রের উপহারের এসব টিকা নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।
এদিকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট আর মিলার বিমানবন্দরে উপস্থিত থাকবেন টিকা গ্রহণ করতে। আজ মঙ্গলবার স্বাস্থ্য সেবা বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে এ তথ্য জানান।
সোমবার দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, সেপ্টেম্বরেই যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের আরও ৬০ লাখ টিকা পাওয়া যাবে। সেই ৬০ লাখ টিকার অংশ হিসেবে আগামী ৩০ আগস্ট সন্ধ্যায় এই ১০ লাখ ডোজ টিকা দেশে আসছে। বাকি টিকা ক্রমান্বয়ে সেপ্টেম্বরের মধ্যেই দেশে আসবে বলে জানান তিনি।