৩ দিনের সফরে ইতালির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আয়োজনে ফুড সিস্টেম সামিটে যোগ দিতে ৩ দিনের সফরে ইতালির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার (২৩ জুলাই) ভোরে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী।
এ সময় ঢাকা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী মাহবুব আলী, মন্ত্রী পরিষদ সচিব, মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, তিন বাহিনীর প্রধান, পুলিশ মহাপরিদর্শকসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।
সফরের প্রথম দিন ২৪ জুলাই এফএওর সদর দপ্তরে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি ‘ফুড সিস্টেম অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন’ শীর্ষক প্লেনারি সেশনে অংশগ্রহণ করবেন।
একই দিনে রোমভিত্তিক আন্তর্জাতিক সংস্থাগুলোর ইফাদ ও ডব্লিউএফপির নির্বাহী প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং ইউরোপের ১৫টি দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে আয়োজিত ‘আঞ্চলিক দূত সম্মেলন’ এ অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়া, ২৫ জুলাই সফরের দ্বিতীয় দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এ সময় বাংলাদেশ ও ইতালির মধ্যে ‘কো-অপারেশন ইন দ্য ফিল্ড এনার্জি’, এবং ‘কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম’ বিষয়ক দুটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।
সফর শেষে আগামী বুধবার (২৬ জুলাই) কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে রোম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন প্রধানমন্ত্রী। ওই দিন বাংলাদেশ সময় দিবাগত রাত ২টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।