২৪ ঘণ্টায় দেশে করোনায় শনাক্ত মাত্র ৪
বাংলাদেশে একদিনে করোনাভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা নেমে ৪ এ দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের ৬৪ জেলার মধ্যে মাত্র দুই জেলার চারজনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। এই সময়ে কারো মৃত্যু হয়নি। ফলে টানা ১৫ দিন বাংলাদেশ কোভিড-১৯ এ মৃত্যুহীন কাটাল।
করোনা বাংলাদেশে দেখা দেয় ২০২০ সালের মার্চ মাসে। সেই বছরের ১৮ মার্চ এই ভাইরাসে দেশে কারো মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এরপর থেকে কখনো টানা ১৫দিন দেশ করোনায় মৃত্যুহীন ছিল না। গত ২০ এপ্রিল শেষ কেউ করোনায় মারা গেছেন দেশে।
আর ২০২০ সালেরই ২ এপ্রিল গত ২৪ ঘণ্টার চেয়ে কম রোগী শনাক্ত হয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তর সেদিন দুজন রোগী শনাক্ত হওয়ার খবর দিয়েছিল।
ঈদের ছুটিতে নতুন করে নমুনা পরীক্ষা যে একেবারে কমে গেছে তাও না। স্বাস্থ্য অধিদপ্তর আজ তাদের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে মোট ২ হাজার ২১২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই পরীক্ষায় ওই
চারজন নতুন রোগী পাওয়া গেছে।
এই চারজনের তিনজর ঢাকার আর একজন কক্সবাজারের বাসিন্দা। দেশের বাকি ৬২ জেলায় কোনো নতুন রোগী মেলেনি।
এদিন নমুনা পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ১৮ শতাংশে। ২০২০ সালের ২৯ মার্চের পর এটি দৈনিক শনাক্তের হারের দিক দিয়ে সর্বনিম্ন। সেদিন ১০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল কারো করোনা শনাক্ত হয়নি। আর গত ২৪ ঘণ্টার আগের একদিনে শনাক্তের এই হার ছিল শূন্য দশমিক ৬০ শতাংশ। শেষ দিনে ১০ জন রোগী শনাক্ত হয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুসারে দেশে নতুন রোগীদের নিয়ে এখন শনাক্ত রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৭৪৭ জন।
মোট মৃত্যুর মোট সংখ্যা আগের মত ২৯ হাজার ১২৭ জনে রয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২৫৭ জন। সব মিলে ১৮ লাখ ৯৬ হাজার ৭৮৮ সুস্থ হয়ে উঠলেন।