২০ দিনে পদ্মা সেতুতে অর্ধশত কোটি টাকার টোল আদায়
পদ্মা সেতু উদ্বোধনের পর গত ২০ দিনে অর্ধশত কোটি টাকার বেশি টোল আদায় হয়েছে। এই তথ্য জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
পদ্মা সেতুর টোল প্লাজার দায়িত্ববান সূত্র থেকে জানা গেছে, পদ্মা সেতুতে ২০ দিনে মাওয়া ও জাজিরা প্রান্ত হয়ে পার হয়েছে ৪ লাখ ৫০ হাজার ৩১২ যানবাহন। আর তাতে আদায় হয়েছে ৫২ কোটি ৫৫ লাখ ৩৫ হাজার ৬৫০ টাকা। তার মানে ২০ দিনেই সেতু থেকে টোল আদায় হয়েছে অর্ধশত কোটি টাকার বেশি।
প্রথম ২০ দিনে মাওয়া প্রান্ত দিয়ে পদ্মা সেতু পার হয়েছে ২ লাখ ৩০ হাজার ৪১৬ যান। তাতে টোল আদায় হয় ২৬ কোটি ৮১ লাখ ৫৯ হাজার ২৫০ টাকা। এই সময়ে জাজিরা প্রান্ত দিয়ে সেতু পার হয়েছে দুই লাখ ১৯ হাজার ৮৯৬ যান। তাতে টোল আদায় হয়েছে ২৫ কোটি ৭৩ লাখ ৭৪ হাজার ৪৫০ টাকা।
জানা গেছে, আগামী ডিসেম্বরের মধ্যে কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশন টোল আদায়ে আরও আধুনিক সিস্টেম ইন্সটলেশন করবে। তখন সক্ষমতা আরও বেড়ে এখন এক ঘণ্টায় এক হাজার থেকে ১ হাজার ২০০ গাড়ির টোল আদায় করা সম্ভব হচ্ছে। সিস্টেম আপগ্রেড হলে ঘণ্টায় আরো বেশি টোল আদায় করা যাবে।