১৭ দেশে ছড়াল মাঙ্কিপক্স, বাড়ছে আতঙ্ক
এতিমদ্ধে আরো দুটি দেশে ছড়িয়ে পড়ল মাঙ্কিপক্স। সবশেষ স্লোভেনিয়া ও চেক রিপাবলিকে রোগটির সংক্রমণ শনাক্ত হয়েছে। তবে জানা যায় এখন পর্যন্ত ১৭টি দেশে ছড়িয়ে পড়েছে বিরল এ রোগটি।
এদিকে গত (২৪ মে) স্লোভেনিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, স্পেনের ক্যানারি দ্বীপ থেকে ফিরেছেন এমন এক ব্যক্তির শরীরে মাঙ্কিপক্স ধরা পড়েছে। দেশটির জাতীয় রোগ নির্ণয় প্রতিষ্ঠান সেন্টার ফর ইনফেকশাস ডিজিজের প্রধান মারিও ফাফাঞ্জেল জানান, মাঙ্কিপক্সের একটা দুর্বল ধরনে আক্রান্ত হয়েছেন ওই ব্যক্তি। তাকে হাসপাতালে ভর্তি করা হয়নি।
ফাফাঞ্জেল আরো বলেন, তার বিশ্বাস স্লোভেনিয়ায় রোগটির সংক্রমণ শিগগিরই থামিয়ে দেওয়া যাবে। ইতোমধ্যে যারা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছেন, তাদের ২১ দিনের জন্য সতর্ক অবস্থায় রাখা হয়েছে। এর জন্য জনগণকে ব্যাপকভাবে টিকাদানের দরকার নেই বলে জানান এ কর্মকর্তা।
মহামারি করোনার মধ্যেই নতুন আতঙ্ক হয়ে এবার সামনে এসেছে মাঙ্কিপক্স। বিরল এ রোগটি দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে বিভিন্ন দেশে। মাঙ্কিপক্সে আক্রান্ত প্রথম রোগী পাওয়া যায় যুক্তরাজ্যে। এরপর ইউরোপের স্পেন, জার্মানি, পর্তুগাল, বেলজিয়াম, ফ্রান্স, নেদারল্যান্ডস, ইতালি ও সুইডেনেও এ রোগে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ইউরোপের দেশগুলোসহ কানাডা ও অস্ট্রেলিয়ায় ৮০ জনের বেশি লোকের মাঙ্কিপক্স সংক্রমণ ধরা পড়ে।