যে কারণে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ
আজ বুধবার ভোর ৬টা থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ। বলা ভালো, ট্রেন চালকরা ট্রেন চালানো বন্ধ রেখেছেন। সিদ্ধান্তটা রেলওয়ের রানিং স্টাফদের। পেনশন থেকে মাইলেজ ভাতা বাদ দেওয়ায় তারা আন্দোলন করছেন। তারই অংশ হিসেবে হঠাৎ এভাবে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া।
শুরুতেই বলা হয়েছে রানিং স্টাফদের সিদ্ধান্তে রেল চলাচল বন্ধ রয়েছে। রানিং স্টাফ বলতে কি বোঝায়? ট্রেনের চালক, সহকারী চালক, গার্ড ও টিকিট পরিদর্শক বা টিটিদের মিলিয়ে রানিং স্টাফ বোঝায়।
এই রানিং স্টাফদের ১৬০ বছরের একটি সুবিধা সম্প্রতি বন্ধ হয়ে গেছে। তারা দেড়শ বছরের বেশি সময় ধরে মাইলেজ ভাতা পেতেন।
মাইলেজ ভাতা কি? দৈনিক আট ঘণ্টার বেশি কাজ করলে বেসিকের হিসেব করে বাড়তি টাকা তারা পেতেন। এছাড়া অবসরের পর বেসিকের সঙ্গে এর ৭৫ শতাংশ অর্থ যোগ করে অবসরকালীন অর্থের হিসাব হতো। তাতে বেশ একটা টাকা জমা হতো। গেল বছরের ৩ নভেম্বর এসব সুবিধা বাতিল করে দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।
সরকার ওই সিদ্ধান্ত ঘোষণার পর থেকে আন্দোলন চালিয়ে আসছে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কল্যাণ সমিতি। এই বছর জানুয়ারির শেষে ঊর্ধতন কর্তাদের সঙ্গে বৈঠকের পর তারা কর্মসূচি স্থগিত করেছিলেন। কিন্তু তাদের সেই স্বস্তি থাকেনি। এপ্রিলের ১০ তারিখ অর্থ বিভাগের এক আদেশে রেলওয়ের রানিং স্টাফদের মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন ও আনুতোষিক প্রদানের প্রস্তাব খারিজ করে দেওয়া হয়।
সরকারের ওই সিদ্ধান্তের পর আবার অসন্তোষ দানা বেধেছে। রানিং স্টাফরা তাদের আন্দোলনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যার পরিণতিতে আজ সকাল থেকে হঠাৎ সারাদেশে রেল চলাচল বন্ধ হয়ে গেছে।
অবশ্য বিষয়টির সমাধানের জন্য কথা চলছে। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে গেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম।