শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইয়েমেনের এডেন বিমানবন্দর এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা, দায় স্বীকার হুতিদের

আতাউল্লাহ পলাশ • 17 অক্টোবর 2026, 06:33 সকাল • 3 বার পঠিত
ইয়েমেনের এডেন বিমানবন্দর এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা, দায় স্বীকার হুতিদের

ইয়েমেনের এডেন শহরের বিমানবন্দর এলাকায় শুক্রবার দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। সৌদি সমর্থিত সরকারের অন্তর্বর্তীকালীন রাজধানী এডেনের কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। হামলার দায় স্বীকার করেছে হুতি বিদ্রোহীরা।

হুতিরা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও তাদের সৌদি মিত্রদের বিরুদ্ধে লড়াই করছে।

এডেন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

হুতিদের এক সামরিক সূত্রের বরাত দিয়ে দেওয়া বিবৃতিতে বলা হয়, এডেন প্রদেশের বদর শিবিরে সৌদি বাহিনীর কমান্ড সদর দপ্তর এবং একটি অস্ত্রাগার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

এএফপি’র এক সাংবাদিক বিমানবন্দরের আশপাশে দু’টি বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন। তবে ঠিক কোথায় আঘাত হানা হয়েছে, তা নিশ্চিত করতে পারেননি তিনি।

ইয়েমেনের তথ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এডেন থেকে কায়রোগামী ইয়েমেনিয়া এয়ারওয়েজের একটি বিমান অল্পের জন্য ক্ষেপণাস্ত্রের আঘাত থেকে রক্ষা পেয়েছে।

বিবৃতিতে বলা হয়, বিমানটি উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই সময় হুতি সশস্ত্র গোষ্ঠী বিমানবন্দর লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়ে। ক্ষেপণাস্ত্র দুটি উড়োজাহাজ থেকে প্রায় ৫০০ মিটার এবং রানওয়ের কেন্দ্র থেকে প্রায় ১০০ মিটার দূরে আঘাত হানে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘এটি কেবল একটি বেসামরিক বিমানবন্দরে হামলা নয়। বরং যাত্রী ও বিমানের ক্রুদের জীবন, বিমান চলাচলের নিরাপত্তার প্রতি সরাসরি হুমকি। একই সঙ্গে এটি আন্তর্জাতিক আইন ও রীতিনীতির গুরুতর লঙ্ঘন।’

রাজধানী নিরাপত্তা বিভাগ এক বিবৃতিতে জানায়, হুতি আন্দোলনের যোদ্ধাদের ছোড়া দুটি রকেট এডেন আন্তর্জাতিক বিমানবন্দর চত্বরে আঘাত হেনেছে। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি একই ধরণের দ্বিতীয় ঘটনা।


#আন্তর্জাতিক #বাসস