বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ভৈরবে বাসে আগুন, দগ্ধ হয়ে চালক নিহত

অনলাইন নিউজ পোর্টাল 11 জানুয়ারী 2021, 12:51 দুপুর 213 বার পঠিত
ভৈরবে বাসে আগুন, দগ্ধ হয়ে চালক নিহত

কিশোরগঞ্জের ভৈরবে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘুমন্ত অবস্থায় বাসটির চালক আবুল হোসেন নিহত হয়েছেন।

নিহত আবুল হোসেন নরসিংদীর পলাশ উপজেলার খালিশারটেক গ্রামের কিতাব আলীর ছেলে। 

ভৈরব ফায়ার সার্ভিস ও পুলিশের ধারণা মশার কয়েল থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায়, বিসমিল্লাহ এন্টারপ্রাইজ পরিবহনের যাত্রীবাহী ভৈরব-ঢাকা রুটে চলাচলকারী বাসটি রাতে বাসস্ট্যান্ডের দুর্জয়মোড় এলাকার বঙ্গবন্ধু স্মরণিতে অবস্থিত বিসমিল্লাহ হোটেলের সামনে পার্কিং করা ছিল। বাসের ভেতর চালক আবুল হোসেন ঘুমিয়ে ছিলেন। আজ সোমবার (১১ জানুয়ারি) ভোররাত ৪টার দিকে হঠাৎ আগুনের তাপে চালক চিৎকার শুরু করলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

ভৈরব ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, 'রাতে পার্কিং করা বাসটিতে মশার কয়েল জ্বালিয়ে দরজায় তালা লাগিয়ে ঘুমিয়ে ছিলেন চালক আবুল হোসেন। খবর পেয়ে ভোররাত সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে।'

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন কালের কণ্ঠকে বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তা মর্গে পাঠানো হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।'