বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ভিসির পদত্যাগ দাবিতে জিরো পয়েন্টে শিক্ষার্থীদের অবরোধ

ওএনপি২৪ নিউজ ডেস্ক 23 এপ্রিল 2025, 09:46 রাত 328 বার পঠিত
ভিসির পদত্যাগ দাবিতে জিরো পয়েন্টে শিক্ষার্থীদের অবরোধ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে খুলনার জিরো পয়েন্ট এলাকায় অবরোধ কর্মসূচি পালন করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কুয়েট শিক্ষার্থীদের এক দফা দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে বুধবার দুপুর ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন তারা।

শিক্ষার্থীরা মিছিল নিয়ে ক্যাম্পাস থেকে জিরো পয়েন্টে গিয়ে চারটি সড়কের মুখে অবস্থান নেন। এতে খুলনা-সাতক্ষীরা, খুলনা-বাগেরহাট, খুলনা-যশোর ও খুলনা-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে জনদুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে সড়ক ছেড়ে এক পাশে সমাবেশ করেন শিক্ষার্থীরা।

সমাবেশে শিক্ষার্থীরা স্লোগানে বলেন, 'দফা এক দাবি এক, মাসুদের পদত্যাগ', 'এক-দুই-তিন-চার, মাসুদ তুই গদি ছাড়', 'তুমি কে আমি কে, কুয়েটিয়ান কুয়েটিয়ান'। তারা জানান, কুয়েটের শিক্ষার্থীরা অনশনে মৃত্যুর মুখে, অথচ উপাচার্য মাসুদ এসির নিচে আরামে আছেন—এটা মেনে নেওয়া যায় না। তার পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

তাদের অভিযোগ, কুয়েট শিক্ষার্থীদের ওপর হামলা ও ৩৭ শিক্ষার্থীর বহিষ্কার বর্তমান কর্তৃপক্ষের ফ্যাসিবাদী মনোভাবের পরিচয় বহন করে। উপাচার্যের পদত্যাগ না হলে আন্দোলন আরও কঠোর হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

এদিন সকালে কুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেন, যার ফলে অধিকাংশ বিভাগে পাঠদান বন্ধ থাকে।