বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ভারী বর্ষনে ফের প্লাবিত হচ্ছে সিলেট

মোহাম্মদ খাইরুল আমিন 07 জুন 2022, 09:23 সকাল 585 বার পঠিত
ভারী বর্ষনে ফের প্লাবিত হচ্ছে সিলেট

 সাম্প্রতিক ভয়াবহ বন্যার ক্ষত এখনও শুকায়নি। অনাহারে-অর্ধহারে থাকা বানভাসিরা এখন ঘুরে দাঁড়ানোর নিরন্তর চেষ্টায়। সংকট কাটিয়ে ওঠার আগেই হাজির বর্ষা।

এমন অবস্থায় আবারও বিপদ সংকেত। সিলেট অঞ্চলে প্রতি দিন সমানতালে হচ্ছে ভারী বর্ষণ। অতি বৃষ্টি আর পাহাড়ি ঢলে ফের বাড়ছে নদ-নদীর পানি।
সোমবার (৬ জুন) ভোরে মাত্র ৩ ঘণ্টার ব্যবধানে ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। উজানে বরাক উপত্যাকায়ও বিরামহীন ভারী বর্ষণ হচ্ছে। এতে সিলেটের নদ-নদীর পানি বেড়েই চলছে। যে কারণে আবারও বড় বন্যার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না সংশ্লিষ্টরা।

এরইমধ্যে সুরমার পানি ফের বিপৎসীমা ছাড়িয়েছে। কুশিয়ারাসহ অন্য নদীগুলোর পানিও বিপৎসীমা ছুঁইছুঁই অবস্থা। আর বর্ষাকাল শুরুর আগেই আরেক দফা বন্যার পদধ্বনিতে আতঙ্কে আছেন সিলেটের মানুষ।  

এ অবস্থায় আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তাদের কপালেও দুশ্চিন্তার বলিরেখা এঁটে দিচ্ছে ভারী বৃষ্টিপাত। আগামী ১০ দিন প্রবল বর্ষণের আশঙ্কা করা হচ্ছে। তাকে খোদ আবহাওয়াবিদরাও হতাশা ব্যক্ত করেছেন।  

 পানি উন্নয়ন বোর্ড সিলেটের উপ প্রকৌশলী নিলয় পাশা বলেন, সাম্প্রতিককালের বন্যা গত ১৮ বছরের রেকর্ড ভেঙেছে। ২০০৪ সালের বন্যাকে ছাড়িয়ে যায়। সামনে বর্ষাকাল। অথচ এখনই যে পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে তাতে ফের বন্যাকবলিত হবে সিলেট। এরইমধ্যে সুরমা-কুশিয়ারার পানি ক্রমশ; বৃদ্ধি পাচ্ছে।