টয়লেট থেকে মাদরাসার ছাত্রীর লাশ উদ্ধার
নরসিংদীর শেখেরচরের একটি মাদরাসা থেকে আফরিন (১৬) নামে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
সদর উপজেলার শেখেরচর জামিয়া কওমিয়া মহিলা মাদরাসা গত (১৯ অক্টোবর) দুপুরে ভবনের চার তলার একটি টয়লেট থেকে মরদেহটি উদ্ধার করেন শিক্ষকরা।
নিহত আফরিন সদর উপজেলার মাধবদী থানার দড়িগাজীরহাঁও এলাকার ডালিম মিয়ার মেয়ে। সে মাদরাসার ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।
সোনা যায় ক্লাস থেকে শিক্ষকের অনুমতি নিয়ে টয়লেটে যান আফরিন। পরে দীর্ঘক্ষণ সে ফিরে না আসায় শিক্ষার্থীরা তাকে খুঁজতে গেলে টয়লেটের ভেতরে ঝুলন্ত অবস্থায় আফরিনের মরদেহ দেখতে পায়।
মাদরাসা ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই আফরিন মাদরাসায় যেতে অনিহা প্রকাশ করে আসছিল। প্রতিদিনের মতো আজও তাকে জোর করে মাদরাসায় দিয়ে যান তার বাবা। এরপর সে যথারীতি তার ক্লাস করছিল। পরে দুপুর ১টার দিকে শ্রেণি শিক্ষকের অনুমতি নিয়ে সে টয়লেটে যায়। পরে অনেকক্ষন সে ক্লাসে না ফিরলে কয়েকজন শিক্ষার্থী তাকে খুঁজতে টয়লেটে গিয়ে ভেন্টিলেটর দিয়ে আফরিনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তাদের চিৎকারে শিক্ষকরা এসে টয়লেট থেকে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করেন। পরে দ্রুত নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আল-আমিন বাংলানিউজকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ছাত্রী আত্বহত্যা করেছে। ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ বের করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।