বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

তথ্য সংশোধন: সীতাকুণ্ডে নিহত ৪১

মোহাম্মদ খাইরুল আমিন 06 জুন 2022, 02:16 দুপুর 631 বার পঠিত
তথ্য সংশোধন: সীতাকুণ্ডে নিহত ৪১

জেলা প্রশাসন ও স্বাস্থ্য কর্তৃপক্ষ তথ্য সংশোধন করল। এর আগে শেষবার তারা সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে আগুন ও বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা ৪৯ বলেছিল। কিন্তু সেই তথ্য সংশোধন করে মৃতের সংখ্যা তারা ৪১ জনে নামিয়ে আনল। 

চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মমিনুর রহমান সোমবার দুপুরে জানান, একটা বিভ্রান্তি তৈরি হয়েছিল। কয়েকটি মৃতদেহ দুবার করে গণনা করা হয়েছে। একবার চট্টগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে, অন্যবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এভাবে নিহতের সংখ্যাটা বেড়ে ৪৯ হয়ে গিয়েছিল। 

মমিনুর রহমান বলেন, ‘‘পরে সব মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে শুরু থেকে এখন পর্যন্ত ৪১ জনের মরদেহ পাওয়া গেছে। তাই মৃতের প্রকৃত সংখ্যা ৪১।’’

শনিবার রাতে বিএম ডিপোতে লাগা আগুন নেভানোর কাজ এখনো চলছে। এখনো পুরো নিয়ন্ত্রণে আসেনি আগুন। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন পুরোপুরি নিভিয়ে ফেলতে এখনো সময় লাগবে। 

চট্টগ্রাম নগরী থেকে ৩০ কিলোমিটার দূরে সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম ডিপো নামের কন্টেইনার টার্মিনালে শনিবার রাত ১০টার দিকে আগুন লাগে। পরে কনটেইনার বিস্ফোরিত হয়। এর পর চট্টগ্রামের ফায়ার সার্ভিসের সব ইউনিট মিলেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। পরে রাত ৩টার দিকে তারা তাদের কাজে সহায়তা করতে কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনী জেলার অগ্নি নির্বাপক গাড়ি পাঠাতে অনুরোধ করে। রোববার সকালে তাদের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনীর একটি বড় দল। 

এই দুর্ঘটনায় কয়েক শত মানুষ আহত হয়েছেন। শেষ খবর, মারা গেছেন ৪১ জন। আগুন নেভানোর দায়িত্ব পালন করতে গিয়ে ৯ জন ফায়ার ফাইটারের মৃত্যুর খবরও এসেছে। আহত হয়েছেন আরো কয়েকজন। কয়েকজন পুলিশ সদস্যও আহত
হয়েছেন।