বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ট্রেনে ঈদযাত্রার টিকিটের প্রচণ্ড চাহিদা

মোহাম্মদ খাইরুল আমিন 24 এপ্রিল 2022, 12:10 দুপুর 729 বার পঠিত
ট্রেনে ঈদযাত্রার টিকিটের প্রচণ্ড চাহিদা

একেকজন কাউন্টার থেকে টিকিট নিয়ে বের হচ্ছেন আর তাদের দেখে মনে হচ্ছে যেন ঈদের চাঁদটাই তারা হাতে পেয়ে গেছেন। ঈদুল ফিতরের ট্রেনের অগ্রিম টিকিট সংগ্রহ করা মানুষদের চেহারায় এত বেশি আনন্দ যা অনেক কথা বলে যায়। এতো কষ্টে করে লাইনে দাঁড়ানো, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, প্রত্যাশিত টিকিট না পাওয়া-আরো কতো কি। তারপরও হাতে শেষমেষ টিকিট এসেছে সেই স্বস্তিতেই
ঘরের পথ ধরেন তারা।

গতকাল শনিবার থেকে ট্রেনের ঈদযাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ রোববার সকাল ৮টা থেকে কমলাপুর রেল স্টেশনে বিক্রি হচ্ছে ২৮ এপ্রিলের টিকিট। উপচেপড়া ভিড় স্টেশনে। কাউন্টারগুলোতে টিকিটপ্রত্যাশীদের দীর্ঘ সারি। সকাল আটটায় টিকিট বিক্রি শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

কমলাপুরে কাউন্টার আছে ২৩টি। এর মধ্যে ১৬টি দিয়ে টিকিট বিক্রি হচ্ছে। একজন টিকেট কিনতে পারছেন চারটি করে। তবে নিজের পরিচয়পত্রের পাশাপাশি যারা ভ্রমণ করবেন তাদের জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের কপি দেখাতে হচ্ছে। 

করোনার জন্য দুই বছর পর এই বছর থেকে ফের ট্রেনের ঈদযাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছে। মানুষের চাপ খুব বেশি। টিকিটের চাহিদা প্রচণ্ড। আর টিকিট সংগ্রহ করতে কেউ আগের দিনে ইফতারের আগে এসেছেন স্টেশনে। ইফতার-সাহরি দুটোই করেছেন স্টেশনে। শেষে সকালে টিকিট পাওয়ায় সেই মানুষের মিশনের সফল সমাপ্তি হয়েছে। 

ট্রেনের এসি টিকিটের মূল্য বাসের সঙ্গে তুলনা করলে কম বলতে হবে। আর এসির চাহিদাও থাকে তুঙ্গে। গতকাল শনিবারও দেখতে না দেখতে এসির টিকিট বিক্রি হয়ে গেছে। রোববারও কমলাপুরে একই অবস্থা। এসির টিকিট বিক্রি শুরু হওয়ার ১৫-২০ মিনিটের মধ্যে কাউন্টার থেকে জানানো হয় টিকিট শেষ। তা নিয়ে টিকিট প্রত্যাশীরা ক্ষোভ প্রকাশ করলেও তাদের কিছু করার নেই। শোভন  শ্রেণির টিকিট কিনতে হচ্ছে।

অনেক নারী এসেছেন কাউন্টারে। তাদের জন্য মোট কাউন্টারের দুটি বরাদ্দ। কিন্তু মাত্র দুটি কাউন্টারে তাদের হচ্ছিল না। কষ্ট করে চাপাচাপির মধ্যে টিকিটের লাইনের দীর্ঘ প্রতিক্ষা তাদের। অভিযোগ আছে নানা। নারী যাত্রীদের দুর্ভোগ কমাতে কাউন্টারের সংখ্যা আরো বেশি থাকা উচিৎ ছিল বলে মন্তব্য কারো কারো। 

রোজ নির্দিষ্ট একদিনের টিকিট বিক্রি হচ্ছে। আজ রোববার যেমন শুধু ২৮ এপ্রিলের টিকিট বিক্রি হচ্ছে। আগামিকাল সোমবার ২৯ এপ্রিলের, মঙ্গলবার ৩০ এপ্রিলের আর বুধবার ১ মের টিকিট বিক্রি হবে। 

ঈদের পর ফেরার পালা। সে সময়ের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১ মে থেকে। যাত্রা শুরু ৫ মে থেকে। ১ মে শুধু সেদিনের টিকিট পাওয়া যাবে। এরপর ২ মে ৬ মের টিকিট, ৩ মে ৭ মের টিকিট, ৪ মে ৮ মের টিকিট পাওয়া যাবে। 

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ মে ঈদুল ফিতর হবে। তবে ঈদ যদি ৪ মে হয়, তবে ২৮ এপ্রিল বিক্রি হবে ২ মের ট্রেনের টিকেট।