বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

টিপু হত্যায় আলামত পাওয়া গেছে: র‌্যাব

মোহাম্মদ খাইরুল আমিন 25 মার্চ 2022, 03:34 দুপুর 243 বার পঠিত
টিপু হত্যায় আলামত পাওয়া গেছে: র‌্যাব

রাজধানী ঢাকার শাহজাহানপুরে বৃহস্পতিবার রাতে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপুকে। সামিয়া আফরিন ওরফে প্রীতি নামের একজন রিকশা আরোহী কলেজ ছাত্রীও মারা যান গুলিতে। গুরুত্বের সঙ্গে এই হত্যাকাণ্ডের তদন্ত চালানো র‌্যাব জানিয়েছে, এই ঘটনার গুরুত্বপূর্ণ কিছু আলামত ও তথ্য তারা পেয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে তারা খুনিদের শনাক্ত করার চেষ্টা করছে। 

আজ শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজন করা হয় সংবাদ সম্মেলন। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন র‌্যাবের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে খুনিদের আইনের আওতায় আনা হবে। 

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার পর শাহজাহানপুরের আমতলা মসজিদ এলাকায় এলোপাতাড়ি গুলি ছুড়ে জাহিদুল ইসলাম টিপুকে হত্যা করা হয়। সেই সময় জানজটের কারণে রাস্তায় আটকে পড়া রিকশায় বসে থাকা ২২ বছরের প্রীতি গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই ঘটনায় টিপুকে বহন করা মাইক্রোবাসের চালক মুন্নাও গুলিবিদ্ধ হন।

এই তিনজনকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে টিপু ও প্রীতিকে মৃত ঘোষণা করা হয়। মুন্নার চিকিৎসা চলছে। 

র‌্যাবের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, এই ধরনের গুলির ঘটনায় আগেও র‌্যাব তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে দোষীদের আইনের আওতায় আনতে পেরেছে। ‘গতরাতের ঘটনায়ও হত্যাকারীকে আইনের আওতায় আনা হবে।’

তিনি আরো বলেন, ‘গতরাতের গুলিতে দুজন নিহতের ঘটনায় আমরা বেশ কিছু ফুটপ্রিন্ট সংগ্রহ করেছি। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। বেশ কিছু মোটিভও আমরা হাতে পেয়েছি। সেগুলো আমরা পর্যালোচনা করছি। ঘটনায় শুটারদের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে সনাক্তের চেষ্টা করছি।’

তিনি জানান, র‌্যাব ছাড়াও সিআইডি, থানা পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখার একাধিক টিম এই ঘটনা নিয়ে কাজ করছে।