টিকটক ভিডিও বানিয়ে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, যুবক গ্রেপ্তার
টিকটক ভিডিও বানিয়ে আপলোড করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি, লাশ খুঁজে না পাওয়া, ধর্মীয় অনুভুতিতে আঘাত দেওয়া ও সাম্প্রদায়িক উষ্কানি দেওয়াসহ নানা অভিযোগে কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ মো. নূর আলম (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় উপজেলা ছাত্রলীগ নেতা সৃজন দে বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন।
গত সোমবার রাতে থানায় মামলাটি দায়ের করা হয়। এর আগে নিরাপত্তা হুমকিসহ এসব বিষয় নজরে আসার পর সোমবার বিকেলেই নিজ গ্রাম উপজেলার খুটাখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের পশ্চিম গর্জনতলীর বাড়ি থেকে পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে। সে ওই এলাকার মৃত শামসুল আলমের ছেলে।
গত ২২ এপ্রিল মো. নূর আলম তার নিজ নামীয় ‘মোহাম্মদ আলম নূর’ ও ফেসবুক পেজ ‘টিম উইথ এআর কক্স মিডিয়া’তে একটি ভিডিও পোস্ট করেন। যে ভিডিওতে এক ব্যক্তি সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করেন বলেন, ‘শেখ হাসিনা আপনাকে যখন মারা হবে, লাশটাও খুঁজে পাওয়া যাবে না, খোদার কসম।'
এ ব্যাপারে চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ‘ওই যুবকের বানানো টিকটক ভিডিওসহ বিভিন্ন ফেসবুক পোষ্ট রাষ্ট্রের নিরাপত্তার জন্য চরম হুমকিস্বরূপ। তাই বিষয়টি নজরে আসায় এবং লিখিত এজাহার পেয়ে প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ার পর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নেওয়া হয়েছে ওই যুবকের বিরুদ্ধে। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আগামীকাল (মঙ্গলবার) আদালতে উপস্থাপন করা হবে।’