তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, সিলেটের পথে রেল বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। তাতে করে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগযোগ বন্ধ হয়ে গেছে।
আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে বিজয়নগর উপজেলার মুকুন্দপুর ও হরষপুর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি জায়গায় এ দুর্ঘটনা ঘটে। এই খবর জানিয়েছেন মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের মাস্টার সাইফুল ইসলাম।
তিনি বলেন, ‘‘এ দুর্ঘটনার কারণে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস দুর্ঘটনার কারণে আখাউড়া রেলস্টেশনে আটকা পড়েছে।’’
জানা গেছে, চট্টগ্রাম থেকে তেলবাহী ট্রেনটি সিলেটের দিকে যাচ্ছিল। কিন্তু মুকুন্দপুর ও হরষপুর সেকশনে ট্রেনের একটি ওয়াগনের দুটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এই খবর পেয়ে আখাউড়া রেলওয়ে জংশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে।