সয়াবিন তেলের দাম লিটারে ৩৮ টাকা বাড়ল
খুচরা বাজারে ব্যাপক সংকটের মধ্যে সয়াবিন তেলের দাম লিটারে ৩৮ টাকা বাড়ল। আজ বৃহস্পতিবার বাণিজ্যসচিবের সঙ্গে মিলমালিকদের বৈঠক ছিল। সেখানে বোতলজাত প্রতি লিটার সয়াবিনের দাম নতুন করে নির্ধারিত হয়েছে। সেই অনুযায়ী এখন থেকে এক লিটার সয়াবিন তেলের দাম ১৯৮ টাকা। শনিবার থেকে এই দাম কার্যকর হবে। বাজারে এখন বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৬০ টাকা।
ভোজ্যতেল পরিশোধন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে সয়াবিন তেলের দাম নতুন করে নির্ধারণের কথা জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল খুচরা পর্যায়ে বিক্রি হবে ১৯৮ টাকা। আর ৫ লিটারের বোতলের দাম হবে ৯৮৫ টাকা, যেটি বর্তমানে ৭৬০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৮০ টাকা এবং খোলা পাম তেল প্রতি লিটার ১৭২ টাকায় বিক্রি হবে। বর্তমানে বাজারে খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৩৬ টাকা ও পাম তেল ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন ও অপরিশোধিত পাম তেলের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে।
এর আগে বাণিজ্য মন্ত্রণালয় থেকে মিল মালিকদের সঙ্গে আলোচনা করে ভোজ্যতেলের দাম ঘোষণা করা হতো। এবার মিল মালিকরা উদ্যোগী হয়ে মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে নিজেরাই মূল্যবৃদ্ধির ঘোষণা করলেন।
সর্বশেষ গত ফেব্রুয়ারিতে বাণিজ্য মন্ত্রণালয় ভোজ্যতেলের দাম নির্ধারণ করেছিল। তখন বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ১৬৭ টাকা ও খোলা সয়াবিন তেল ১৪৩ টাকা করে নির্ধারিত হয়েছিল। এরপর গত মার্চের মাঝামাঝিতে তেলের আমদানি, পরিশোধন ও বিক্রয় পর্যায়ে ভ্যাট প্রত্যাহার হয়। তাই ঈদের আগে লিটারে ৭ টাকা করে দাম কমানো হয়েছিল।
মিল মালিকদের দাবি, বিশ্ববাজারে সয়াবিন তেলের মূল্য অনেক বেড়ে গেছে। এজন্য দেশের বাজারে তেলের দাম বাড়াতে হচ্ছে। সেজন্য আজ দুপুরে বাণিজ্যসচিবের সঙ্গে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নেতারা বৈঠকে বসেন। এর পর বিকেলে তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত জানানো হয়।