স্থানীয় সরকার পর্যায়ে দেওয়া হবে সিনোফার্মের টিকা
মডার্না এবং সিনোফার্মের টিকা দিয়ে দেশজুড়ে গণটিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে। আর এজন্য বন্ধ থাকা নিবন্ধনও আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এবারের টিকাদান কর্মসূচিতে মডার্না এবং সিনোফার্ম টিকা দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু নতুন সিদ্ধান্ত নিয়েছে ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটি। গতকাল সোমবার কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক গণমাধ্যমকে বলেন, গত রোববার আমাদের মিটিং হয়েছে। সিদ্ধান্তগুলো তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়কে জানাচ্ছি। খুব শিগগিরই টিকার জন্য নিবন্ধন প্রক্রিয়া চালু হলে নিবন্ধন করে টিকা নেওয়া যাবে।
ডা. শামসুল হক বলেন, কমিটি সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র থেকে আসা কোভ্যাক্স সুবিধায় পাওয়া মডার্নার টিকা দেওয়া হবে দেশের ১২ সিটি করপোরেশন এলাকায়, আর চীন থেকে কেনা সিনোফার্ম দেওয়া হবে জেলা ও উপজেলা পর্যায়ে। তিনি জানান, গত ৭ ফেব্রুয়ারি থেকে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। কিন্তু মাঝে কিছু দিন স্বল্পতার কারণে টিকাদান কার্যক্রম বন্ধ ছিল। কিন্তু কয়েকদিন আগে মডার্না ও সিনোফার্মের ৪৫ লাখ টিকা আমাদের হাতে এসেছে। এই টিকা দিয়ে আমরা আবার টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছি।