সরকারি যানবাহন চালকদের সতর্ক করে পুলিশের গণবিজ্ঞপ্তি
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বুধবার এক গণবিজ্ঞপ্তি জারি করে সরকারি যানবাহনের চালকদের ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “প্রায়ই লক্ষ্য করা যায় সরকারি যানবাহনের চালকগণ ট্রাফিক আইন ভঙ্গ করছেন, যেমন সিগন্যাল অমান্য, উল্টোপথে চলাচল এবং যত্রতত্র পার্কিং করা।"
এতে আরও বলা হয়েছে, সরকারি যানবাহনের কারণে সড়কে শৃঙ্খলা ফেরানো আরো কঠিন হয়ে পড়ছে, এবং এই ধরনের আচরণের ফলে অন্য চালকরা ট্রাফিক আইন ভঙ্গ করতে উৎসাহিত হচ্ছেন। পুলিশ জানিয়েছে, অনেক সময় ট্রাফিক পুলিশের সদস্যদের সঙ্গে সরকারি যানবাহনের চালকরা ‘দুর্ব্যবহার’ করেন, যা আইন প্রয়োগে আরো বাধার সৃষ্টি করছে।
পুলিশ বিজ্ঞপ্তিতে আরও সতর্ক করেছে যে, সরকারি যানবাহন চালকরা যদি ট্রাফিক আইন ভঙ্গ করতে থাকেন, তাহলে ঢাকা মহানগর পুলিশ সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
ঢাকা মহানগর পুলিশের কমিশনার মো. সাজ্জাত আলী সকল সরকারি সংস্থার কর্মকর্তা ও যানবাহন চালকদের সহযোগিতা চেয়ে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন।