সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সরকারি চাকুরেরা ভাতা পাবেন আগের মূল বেতন ধরে

মোহাম্মদ খাইরুল আমিন • 19 অক্টোবর 2026, 12:57 দুপুর • 7 বার পঠিত
সরকারি চাকুরেরা ভাতা পাবেন আগের মূল বেতন ধরে

সরকারি চাকুরেদের জন্য ধাপে ধাপে নবম জাতীয় বেতন কাঠামো কার্যকর করার মধ্যেই মূল বেতনের বাইরের অন্যান্য ভাতা কীভাবে নির্ধারিত হবে তা খোলাসা করেছে সরকার।

অর্থ বিভাগের প্রবিধি শাখা সোমবার এক প্রজ্ঞাপনে বলছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এসব ভাতা ৩০ জুন ২০২৬ তারিখে পাওয়া মূল বেতনের ভিত্তিতে নির্ধারণ ও পরিশোধ করা হবে।

অর্থ্যাৎ, তখন আগের বেতনকাঠামো অনুযায়ী একজন সরকারি কর্মী যে মূল বেতন পেয়েছিলেন, তার ওপর ভিত্তি করেই এখন তার ভাতার হার নির্ধারণ হবে।

সর্বনিম্ন গ্রেডে ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ বেতন বাড়িয়ে গত ৩১ অগাস্ট সরকারি চাকুরেদের জন্য নবম জাতীয় বেতন কাঠামো অনুমোদন করে সরকার।

তাতে ২০তম গ্রেডে মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা হয়েছে। আর নবম গ্রেডের মূল বেতন ২২ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ৪৪ হাজার টাকা। বিসিএস দিয়ে যারা প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা পদে সরকারি চাকরিতে যোগ দেন তারা এ গ্রেডে বেতন পান।

অপরদিকে সর্বোচ্চ পর্যায়ে অর্থ্যাৎ প্রথম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার (নির্ধারিত) থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা হয়েছে। সচিব পদমর্যাদার কর্মকর্তারা এ গ্রেডে বেতন পান।

সেই সঙ্গে বাড়ি ভাড়াসহ অন্যান্য ভাতা ও আর্থিক সুবিধা বাড়ানোরও অনুমোদন দেয় সরকার। এটি কীভাবে বাস্তবায়িত হবে, পরে প্রজ্ঞাপন জারি করে তার নির্দেশনা দেয় অর্থ বিভাগ।

সেখানে বলা হয়, নতুন বেতনকাঠামো বাস্তবায়ন হবে ধাপে ধাপে। এর মধ্যে ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নতুন বেতন কাঠামোর বাড়তি বেতনের ৪০ শতাংশ পাবেন এবং ১০–২০তম গ্রেডের কর্মকর্তা–কর্মচারীরা ৫০ শতাংশ হারে পাবেন।

এ ছাড়া ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নতুন বেতন কাঠামোতে বাড়তি মূল বেতনের ৭০ শতাংশ এবং ১০–২০তম গ্রেডের কর্মকর্তা–কর্মচারীরা ৭৫ শতাংশ হারে পাবেন।

২০২৭ সালের ১ জুলাই থেকে বেতন বৃদ্ধির শতভাগ কার্যকর হবে। আর মূল বেতনের সঙ্গে যেসব ভাতা পেয়ে থাকেন সরকারি চাকুরেরা, সেসব পুরোপুরি বাস্তবায়ন হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে। অর্থাৎ নতুন বেতন কাঠামোর বাড়িভাড়া মিলবে ওই সময় থেকে।