সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ফ্রান্স, গ্রেপ্তার ৭৫
নতুন বছরের শুরুতেই বিতর্কিত নিরাপত্তা বিলের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে পশ্চিম ইউরোপের দেশ ফ্রান্স।
শনিবার (১৬ জানুয়ারি) বিলটির বিরুদ্ধে রাজপথে নামে দেশটির হাজার হাজার মানুষ। এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে এরই মধ্যে অন্তত ৭৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যার মধ্যে রাজধানী প্যারিস থেকে ২৪ জন এবং বাকিদের দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়।
২০২১ সালে এটিই ফ্রান্সে প্রথম বড় ধরনের কোনো বিক্ষোভ। পুলিশের হিসাবেই এদিন দেশজুড়ে ৮৮টি বিক্ষোভে অংশ নিয়েছে প্রায় ৩৪ হাজার মানুষ।
আয়োজকদের দাবি, প্রায় দুই লাখ মানুষ বিক্ষোভে অংশগ্রহণ করেছে। বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে সংঘাতে জড়িয়েছে পুলিশ। এ সময় অন্তত ১২ সশস্ত্র পুলিশ সদস্য আহত হয়। কোনো কোনো স্থানে টিয়ার গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।
টুইটারে দেওয়া পোস্টে বিক্ষোভ মোকাবিলার জন্য পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন। পুলিশের দাবি, প্যারিসে বিক্ষোভ স্থলের কাছেই অঘোষিত রেভ পার্টি থামাতে গিয়ে সংঘর্ষের সূত্রপাত ঘটে। পুলিশের অনুমতি ছাড়াই পার্টির সাউন্ড সিস্টেম যুক্ত গাড়ি নিয়ে বিক্ষোভে যোগ দেওয়ার চেষ্টা করে অনেকে।