সরকার ‘অ্যালাউ’ করলে আমরা ক্রসফায়ারও করব: আইজিপি
আইনশৃঙ্খলা রক্ষায় সরকার ‘ক্রসফায়ারের’ অনুমতি দিলে পুলিশ তাই করবে বলে জানিয়েছেন বাহিনীর প্রধান আলী হোসেন ফকির।
তিনি বলেছেন, “কে আসবে, আপা কবে আসবে—ওইটা আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেখার বিষয় না।
“আমাদের দায়িত্ব, আইন-সংবিধান অনুযায়ী যখন যেখানে যা প্রয়োগ করা দরকার, সেইটাই আমরা করব। যেখানে ক্রসফায়ার যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাও করে, আমরা সেইটা করব।”
সোমবার রাজধানীর চকবাজারের ওয়াটার ওয়ার্কার্স রোডের শাহজাহান ইমাম টাওয়ারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পুলিশের সমালোচনা করা নিয়ে সাংবাদিকদের প্রতি ক্ষোভ প্রকাশ করে আইজিপি বলেন, “আমরা (পুলিশ) যদি লাঠিপেটা করি, বলবেন আমরা ফ্যাসিস্ট পুলিশ। আর আমরা যদি নীরবে থাকি, তাহলে বলবেন দুর্বল পুলিশ। আমাকে তো কাজ করার পরিবেশ দিতে হবে। এমপাওয়ার করতে হবে।
“আপনার সুখে, শান্তিতে বসবাস করতে হলে পুলিশের কোনো বিকল্প নাই। যত বাহিনীই বলি, সেনাবাহিনী বলি, তারা দেশ রক্ষা করবে, সার্বভৌমত্ব রক্ষা করবে, ইন্টারনাল শৃঙ্খলা, শান্তি, সমৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়ন—সবকিছুই আপনার-আমার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে অর্জন করা সম্ভব। আপনারা পুলিশকেও ব্ল্যাকমেইল করার চেষ্টা কইরেন না, নিজেরাও ব্ল্যাকমেইল হইয়েন না।”
দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে আলী হোসেন ফকির বলেন, “আমরা শান্তি প্রতিষ্ঠা করি। সব দল-মতের ইলেকশন এজেন্ডা থাকে শান্তি।
“শেষে গিয়া দেখা যায়, শালিস মানি; কিন্তু তালগাছটা আমার, আমাকেই দিতে হবে। তাহলে সমাজব্যবস্থা সুখী-সমৃদ্ধময় হতে পারবে না।”
পুলিশপ্রধান বলেন, “আইন-সংবিধান অনুযায়ী আমাদের চলতে হবে। সেই জিনিসগুলো যদি আমরা না করি, সমাজে কেউ আপনারা দিনে হোক রাতে হোক কোথাও শান্তিতে বসবাস করতে পারবেন না।
“সুতরাং দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশের প্রয়োজন, এটা স্বীকার করে নিয়ে আইন এবং সংবিধান অনুযায়ী আমাকে দায়িত্ব পালন করতে দিন।”
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “কিন্তু আমাদেরও চেক অ্যান্ড ব্যালেন্স আছে। আমাদের সদস্যরা কেউ অপরাধ করলে আমরা যদি ব্যবস্থা না নিই, তখন আপনি বলতে পারেন যে, ‘আপনারা তার বিরুদ্ধে ব্যবস্থা নেন নাই।’
“আবার মিথ্যা অভিযোগ, গুজব এগুলায় কান না দিয়ে আসলে প্রকৃতপক্ষে যে ঘটনা ঘটছে সমাজে, সেটার প্রতিকার করার জন্য আমরা সবাই মিলে কাজ করি।
“আপনি দেখেন, কোনো ঘটনা ঘটলে আপনি... এইগুলার বিরুদ্ধে আপনারা মুভ করতেছেন না। সেখান থেকে গোপনে টাকা নিতেছেন। সাংবাদিক সাহেবরা ওখান থেকে যখন পয়সা না পাইতেছেন, তখন লিখতেছেন, ‘পুলিশ এই দেশে অকার্যকর হয়ে গেছে’। কেন?”
আইজিপি আলী হোসেন ফকির বলেন, “বাংলাদেশের আইনশৃঙ্খলা তো আমরা কোনো মানবাধিকার লঙ্ঘন করি নাই। আমরা কোনো আনওয়ান্টেড ফোর্স অ্যাপ্লাই করি নাই। আপনারা দেখেছেন জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশে যে পুলিশের অবস্থা ছিল, পুলিশ রাস্তায় ডিউটি করার জন্য ভয় পেত, তারা যেতে সাহস পেত না।
“সেই অবস্থা থেকে আমরা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী-সমৃদ্ধিময় বাংলাদেশ, আপনাদেরকে প্রকৃত স্বস্তি, শান্তিপূর্ণ পরিবেশ দেওয়ার জন্য, আপনার অর্থনৈতিক উন্নয়নের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছি।”