রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
অর্থনীতি

সোনার দাম কমছেই, চার দফায় ভরিতে কমল ১০ হাজার ৪৩৯ টাকা

মোহাম্মদ খাইরুল আমিন • 25 অক্টোবর 2026, 08:06 সকাল • 3 বার পঠিত
সোনার দাম কমছেই, চার দফায় ভরিতে কমল ১০ হাজার ৪৩৯ টাকা

দেশের বাজারে সোনার দাম আরও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

দুই দিনের ব্যবধানে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছে। এতে প্রতি ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।

রোববার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। অন্যান্য মানের সোনার দামও কমানো হয়েছে।

এ নিয়ে দুই সপ্তাহের ব্যবধানে চার দফায় ২২ ক্যারেট সোনার দাম ভরিতে মোট ১০ হাজার ৪৩৯ টাকা কমল।

আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমার প্রভাবে দেশের বাজারেও দর সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছেন বাজুসের সভাপতি এনামুল হক খান দোলন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশের সোনার বাজার আসলে পুরোপুরিই বিশ্ববাজারের উপর নির্ভর করে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে, তার সঙ্গে সমন্বয় করে আমরা দাম নির্ধারণ করি। কমলে কমাই, বাড়লে বাড়াই।

“আন্তর্জাতিক বাজার এখন নিম্নমুখী; তার সঙ্গে সমন্বয় করে দেশের বাজারেও আমরা কমাচ্ছি।”

এর আগে ১৩ অক্টোবর ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল। এরপর ২২ অক্টোবর কমানো হয় ১ হাজার ৬৯১ টাকা। ২৩ অক্টোবর ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়। সবশেষ রোববার কমানো হল ৩ হাজার ৩২৪ টাকা।

এর আগে ৯ অক্টোবর এই মানের সোনার দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছিল।

সোনার নতুন দাম

বাজুসের নতুন দর অনুযায়ী, রোববার সকাল ১০টা থেকে দেশের বাজারে হলমার্ক করা ২২ ক্যারেট সোনার প্রতি গ্রাম বিক্রি হচ্ছে ১৮ হাজার ৯৩৫ টাকায়।

১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি হিসাবে প্রতি ভরির দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ১০ হাজার ৯৩৪ টাকায়, ১৮ ক্যারেটের সোনা ১ লাখ ৮১ হাজার ২০০ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতিভরি সোনা ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকায় বিক্রি হচ্ছে।

এর আগে ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

সে হিসেবে ২১ ক্যারেট সোনার দাম ভরিতে ৩ হাজার ১৫৯ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৬৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমেছে।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (বিশুদ্ধ সোনা) দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বিশ্ববাজারেও সোনার দরপতন

আন্তর্জাতিক বাজারে চলতি বছরের জানুয়ারিতে সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। তবে এরপর থেকে ওঠানামার মধ্যে থাকলেও সাম্প্রতিক দিনগুলোতে দাম কমেছে।

শুক্রবার আন্তর্জাতিক বাজারে প্রতি ট্রয় আউন্স সোনার দাম ৪ হাজার ডলারের নিচে নেমে আসে। বাজারের তথ্য অনুযায়ী, ওই দিন লেনদেন শেষে প্রতি আউন্স সোনার দাম ছিল প্রায় ৩ হাজার ৯৯৬ ডলার।

এরপর শনি ও রোববার আন্তর্জাতিক বাজার। শুক্রবার দেশের বাজারে যখন সোনার দাম কমানো হয়, তখন স্পটমার্কেটে প্রতিআউন্স সোনার দাম ছিল ৪ হাজার ১২ ডলার ৪১ সেন্ট।।

বিশ্ববাজারে সোনার দাম কমার পেছনে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনাসহ বিভিন্ন বিষয় কাজ করছে বলে জানিয়েছে রয়টার্স।

রুপার দাম অপরিবর্তিত

সোনার দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস। সংগঠনটির নির্ধারিত দর অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেট রুপার প্রতি গ্রাম ৩৩০ টাকা। সে হিসাবে প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৮৪৯ টাকা।