সোনালী ব্যাংকের এমডিসহ ৯ জনের ১৭ বছর করে কারাদণ্ড
জালিয়াতির মাধ্যমে সাড়ে ২৭ লাখ টাকা আত্মসাতের দায়ে সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ ৯ জনকে পৃথক দুই ধারায় ১৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোনালী ব্যাংকেরই ঋণ জালিয়াতি করার অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। দোষী প্রমাণিত হওয়ায় আজ বুধবার ঢাকার বিশেষ দায়রা জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন এই রায় দেন।
যে ৯ জন সাজা পেয়েছেন তারা হলেন সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির, উপব্যবস্থাপনা পরিচালক মাইনুল হক, জিএম ননী গোপাল নাথ, ডিজিএম শেখ আলতাফ হোসেন ও সফিজ উদ্দিন আহমেদ, এজিএম কামরুল হোসেন খান ও সাইফুল হাসান ও প্যারাগন নিট কম্পোজিট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম রাজা ও পরিচালক আব্দুল্লাহ আল মামুন।
২০১৩ সালের জানুয়ারিতে দুদকের উপ-সহকারী পরিচালক মুজিবুর রহমান রমনা মডেল থানায় ২৭ লাখ ৫০ হাজার ৬৮১ টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি করেছিলেন। ২০১৪ সালের মে মাসে চার্জশিট দাখিল হয়।
আজ রায় ঘোষণার সময় মাইনুল হক, সফিজ উদ্দিন আহমেদ, শেখ আলতাফ হোসেন ও এজিএম কামরুল হোসেন খান আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়। মামলার বাকি ৫ আসামি পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, সরকারি কর্মচারী কর্তৃক সম্পত্তি আত্মসাতের দায়ে এই ৯ জনের প্রত্যেককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সঙ্গে ২৭ লাখ ৫০ হাজার ৬৮১ টাকা অর্থদণ্ড করা হয়েছে। যা প্রত্যেকের কাছ থেকে সমহারে রাষ্ট্রের অনুকূলে আদায়যোগ্য হবে।
এছাড়া প্রতারণার দায়ে প্রত্যেককে ৭ বছর করে কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। অর্থ অনাদায়ে তাদের আরও তিন মাস কারাভোগ করতে হবে।
দুই ধারার সাজা একসঙ্গে চলবে। সেই হিসেবে দণ্ডিতদের ১০ বছর করে কারাভোগ করতে হবে।