বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

শনাক্ত ১৭, টানা ১০ দিন মৃত্যুহীন

মোহাম্মদ খাইরুল আমিন 30 এপ্রিল 2022, 04:43 দুপুর 517 বার পঠিত
শনাক্ত ১৭, টানা ১০ দিন মৃত্যুহীন

দেশে গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত মোট রোগী পাওয়া গেছে মাত্র ১৭ জন। তাতে গত দুই বছরের মধ্যে একদিনে সবচেয়ে কম রোগী দেখল দেশ। গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে দেশে কেউ মারা যায়নি। এ নিয়ে টানা ১০ দিন করোনায় মৃত্যুশূন্য রইল দেশ। 

আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো তাদের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

করোনা এই দেশে হানা দেয় ২০০২ সালের মার্চে। সেই বছরের ৫ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তর ১৮ জন নতুন রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল। এরপর সংখ্যাটা ক্রমে ওপরের দিকে উঠেছে। এই প্রথম একদিনে আক্রান্তের সংখ্যা এতোটা নিচে নামল।

নতুন শনাক্ত ১৭ রোগীকে নিয়ে কোভিড-১৯ নিয়ে মহামারীর মধ্যে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৫২ হাজার ৬৯১ জন হয়েছে। গত ১০ দিনে নতুন কারও মৃত্যু না হওয়ায় মৃতের সংখ্যা আগের মতই ২৯ হাজার ১২৭ জন আছে।

দেশে গত ২৪ ঘন্টায় ২ হাজার ৯৩৮ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১৭ জন। আগের দিন ৪ হাজার ৭৫৪ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৩০ জন।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ৩৯ লাখ ৯০ হাজার ৪৬৬ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫২ হাজার ৬৯১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ১ হাজার ৯২৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৪ জন। শনাক্তের হার দশমিক ৭২ শতাংশ। গতকাল এই হার ছিল দশমিক ৬০ শতাংশ।

করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল ও বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২৫৮ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৫ হাজার ৪০৪ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ০৭ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।