সম্পত্তির লোভে ব্যবসায়ী বাবাকে গুলি, ছেলে গ্রেপ্তার
নাটোরের সিংড়ায় নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে ব্যবসায়ী ওসমান গনি বাবুকে (৫২) গুলি করার ঘটনায় তার একমাত্র ছেলে আসাদুজ্জামান বল্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর তাকে কারাগারে পাঠানো হয়।
মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ব্যবসায়ী ওসমান গনি বাবু।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ ফেব্রুয়ারি ভোর ৬টার দিকে উপজেলার চৌগ্রাম ইউনিয়নের পারুহারপাড়া মসজিদে ফজরের নামাজ পড়তে যাচ্ছিলেন ওসমান গনি বাবু। মসজিদের সিঁড়িতে উঠতেই পেছন থেকে গুলি করা হয়। গুলিটি তার কোমরের বাম পাশে লাগে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা প্রথমে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
পুলিশ তদন্তের পর মঙ্গলবার তার ছেলে আসাদুজ্জামান বল্টুকে আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, তার ব্যক্তিগত ৬০-৭০ লাখ টাকা দেনা ছিল। দেনা শোধ ও সম্পদের দখল নিতে ঢাকা থেকে পিস্তল কিনে পরিকল্পিতভাবে বাবাকে গুলি করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিংড়া থানার উপ-পরিদর্শক মো. জাহিদুল ইসলাম বলেন, আটকের পর বল্টু পুলিশকে জানায় তার ব্যক্তিগত ৬০/৭০ লাখ টাকা দেনা ছিল। তার বাবাকে হত্যার পর সম্পদ বিক্রি করে দেনা শোধ করবে এবং পরবর্তীতে সকল সম্পদ ভোগ করবে এমনটা থেকে ঢাকা থেকে পিস্তল কিনে নিজেই পরিকল্পনা অনুযায়ী ফজরের নামাজে যাওয়ার সময় অন্ধকারে গুলি করে। তার বোনের দায়ের করা মামলায় তাকে আদালতে পাঠানো হয়।