শিল্প খাতের বেহাল অবস্থা ,প্রভাব পড়ছে অর্থনীতিতে
বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, করোনাভাইরাসের প্রভাবে শিল্প খাতে সার্বিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব পড়েছে। চলতি অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসে শিল্পের যন্ত্রপাতি আমদানির এলসি খোলার হার কমেছে ২৪ দশমিক ৩৩ শতাংশ। একই সময়ে আমদানি কমেছে ৩৬ দশমিক ৭৭ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে শিল্পের যন্ত্রপাতি আমদানির এলসি খোলা কমেছিল শূন্য দশমিক ৫৭ শতাংশ। আমদানি কমেছিল ১০ দশমিক ৪১ শতাংশ।
পুরো অর্থবছরে গড়ে আমদানি কমেছিল ৮ দশমিক ৫১ শতাংশ। ২০১৮-১৯ অর্থবছরে এ খাতে আমদানি কমেছিল ৯ দশমিক ৪৩ শতাংশ। অর্থাৎ ২০১৮-১৯ থেকে ২০২০-২১ অর্থবছরের ফেব্রুয়ারি পর্যন্ত আড়াই বছরের বেশি সময় ধরে কমছে শিল্পের যন্ত্রপাতি আমদানির পরিমাণ। এতে নতুন শিল্প স্থাপনের গতি ও চালু শিল্প আধুনিকায়নের গতি কমে গেছে।
উদ্যোক্তারা জানিয়েছেন, নতুন শিল্প স্থাপন ও চালু শিল্প আধুনিকায়ন কম হওয়ার কারণে শিল্পের কাঁচামালের চাহিদা কমেছে। এ ছাড়া করোনার কারণে মানুষের ক্রয়ক্ষমতা কমায় পণ্য বিক্রি কম হচ্ছে। এতে শিল্পপ্রতিষ্ঠানগুলো পুরো সক্ষমতা কাজে লাগাতে পারছে না।