বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সিকেডিতে ‘চাঁদাবাজি’: ‘তড়িৎ ব্যবস্থার নির্দেশ দেন প্রধানমন্ত্রী’

মোহাম্মদ খাইরুল আমিন 13 এপ্রিল 2026, 06:59 বিকাল 89 বার পঠিত
সিকেডিতে ‘চাঁদাবাজি’: ‘তড়িৎ ব্যবস্থার নির্দেশ দেন প্রধানমন্ত্রী’

চিকিৎসক কামরুল ইসলামের হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ ওঠার পর প্রধানমন্ত্রীর কাছ থেকে ‘তড়িৎ ব্যবস্থা’ গ্রহণের নির্দেশ আসার কথা বলেছেন রাষ্ট্রপক্ষের এক আইনজীবী।

ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী সোমবার আদালতে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ আসার পর বিএনপির জ্যেষ্ঠ নেতারা কামরুল ইসলামের হাসপাতালে যান এবং তাকে সমবেদনা জানান।

এদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে চার আসামির রিমান্ড শুনানিতে কথা বলছিলেন ওমর ফারুক ফারুকী।

হাসপাতালে চাঁদাবাজির মামলায় মঈন উদ্দিনের চার সহযোগীর রিমান্ড শুনানিতে একথা জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী।

তিনি বলেন, "সিকেডি (সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি) হাসপাতাল দেশের একমাত্র চিকিৎকেন্দ্র, যেখানে বিনা পয়সায় হাজারো রোগী চিকিৎসা পান।

“মানুষের উপকার করবে, সেটাও যদি না করতে পারে…তাদের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। এ ঘটনা সারাদেশের মানুষ জানতে পেরে ব্যথিত।“

গ্রেপ্তার চারজনের বিষয়ে তিনি বলেন, “তারা মামলার প্রধান আসামি মঈন উদ্দিনের সঙ্গে চলাফেরা করত। তাদের সর্বোচ্চ রিমান্ড প্রার্থনা করছি।"

চাঁদাবাজির অভিযোগে শনিবার সিকেডি হাসপাতালের অপারেশন থিয়েটার ইনচার্জ মো. আবু হানিফ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় এ মামলা করেন৷

এতে সাবেক যুবদল নেতা মঈন উদ্দিনকে প্রধান আসামি করে অজ্ঞাত আরো ৭ থেকে ৮ জনকে বিবাদী করা হয়। মামলার পর মঈনসহ সাতজনকে গ্রেপ্তার করে র‍্যাব।

এদিন ফারুক হোসেন সুমন, মো. লিটন মিয়া, মো. ফালান মিয়া ও মো. রুবেলকে আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই মো. ছাব্বির আহমেদ। আদালত তাদের চার দিনের রিমান্ডের আদেশ দেয়।

মামলার এজাহারে বলা হয়েছে, “সিকেডি হাসপাতালের কাছে মঈন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ৫ লাখ টাকা দাবি করে আসছে। দাবি করা চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে আসামিরা অপারেশন থিয়েটার ইনচার্জ হানিফকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেন। এরই ধারাবাহিকতায় গত ১০ এপ্রিল সকালে শেরেবাংলা নগর থানার শ্যামলী ৩ নম্বর রোডে তার বাসার সামনে এসে দরজা খুলতে বলেন। দরজা খুলে দিলে মঈন তার স্ত্রীকে বলেন, চাঁদাবাবদ এখনই তাদের ৫ লাখ টাকা দিতে হবে। টাকা না দিলে তাদের বিভিন্ন ধরনের ক্ষতির হুমকি দেন আসামিরা। হানিফের স্ত্রী চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা উচ্ছৃঙ্খল আচরণ করেন। এ সময় হানিফ হাসপাতালে থাকা তার ছোট ভাই মো. মনির তালুকদারকে (৩৫) বাসায় আসতে ফোন করেন। পরে তার ভাই মনির বাসায় পৌঁছালে মঈনসহ অজ্ঞাত ৭-৮ জন ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করে আরও লোকজন জড়ো করতে থাকেন।

“এক পর্যায়ে তারা প্রায় ৫০-৬০ জন লোক সমবেত করে সিকেডি হাসপাতালের সামনে এসে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেন। তারা হাসপাতালের সামনে অবস্থান নিয়ে উচ্ছৃঙ্খল আচরণ করে, উচ্চস্বরে স্লোগান দেয়, গালাগালি করে এবং পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালায়। এমনকি তারা সিকেডি হাসপাতালের মালিক মো. কামরুল ইসলামকে উদ্দেশ হুমকিসূচক স্লোগান দিতে থাকেন। এছাড়া তারা অকথ্য ভাষায় গালাগালি করে এবং পুরো ঘটনাটিকে পরিকল্পিতভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে। এক পর্যায়ে তারা মেডিক্যালের ইমার্জেন্সি ডিপার্টমেন্টের সামনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। এর ফলে হাসপাতালের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দেয়।”

পরে শেরেবাংলা নগর থানায় খবর দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

স্বল্প খরচে কিডনি চিকিৎসা ও প্রতিস্থাপনের জন্য অধ্যাপক কামরুলের পরিচিতি রয়েছে। গত শুক্রবার তা সিকেডি ইউরোলজি হাসপাতালে যুবদল পরিচয়ে চাঁদা দাবির বিষয়টি গণমাধ্যমে আসে। পর যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নসহ একটি প্রতিনিধি দল রাত দেড়টার দিকে শ্যামলীর ওই হাসপাতালে যান।

তারা অধ্যাপক কামরুল ইসলামের কাছে ঘটনা জানতে চান, তাকে বিষয়টি সুরাহার বিষয়ে আশ্বস্ত করেন।