শিগগিরই পদ্মা সেতু উদ্বোধনের তারিখ দেবেন প্রধানমন্ত্রী
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় দিলেই জুনে পদ্মা সেতুর উদ্বোধন হবে। আর আজ জানা গেল, কয়েক দিনের মধ্যেই পদ্মা সেতুর উদ্বোধনের দিন-তারিখ ঠিক করে দেবেন প্রধানমন্ত্রী। আজ বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের পর এই তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এর পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে সংবাদ সম্মেলনে আসেন। তার কাছে পদ্মা সেতু উদ্বোধনের দিন জানতে চাওয়া হয়।
আনোয়ারুল ইসলাম জানান, ‘পদ্মা সেতুর বিষয়ে আজকে যে আলোচনা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী নিজেই পরিষ্কার করবেন আগামী পাঁচ-ছয় দিনের মধ্যে। পদ্মা সেতু জুন মাসের শেষে উদ্বোধন হচ্ছে, এটা তিনি বলেই দিয়েছেন। আমরাও রেডি আছি।’
তিনি আশা প্রকাশ করে বলেন, ‘আশা করি শেষ সপ্তাহের আগেই ব্রিজ রেডি হয়ে যাবে।’
পদ্মা সেতুর নাম শেক হাসিনার নামে করার দাবি উঠেছে। কিন্তু প্রধানমন্ত্রী তা মানতে নারাজ। আসলে সেতুর নাম কি থাকছে?
এই প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন পদ্মা সেতুই হবে। প্রধানমন্ত্রী হয়ত আগামী ৩/৪ দিনের মধ্যে যে কোনো সময় ক্লিয়ার করবেন।’
কদিন হলো পদ্মা সেতুর টোল চূড়ান্ত করা হয়েছে। কেউ কেউ বলছেন, বেশি হয়ে গেছে টোল। সেই সমালোচনার জবাবে আনোয়ারুল ইসলাম বলেন, ‘টোলটা হল, যখনই যেখানে ব্রিজ করি এর স্ট্যান্ডার্ড হল ফেরির দেড় গুণ। সেটা ধরেই করা হয়েছে।’ তার ব্যাখ্যা, ‘বঙ্গবন্ধু ব্রিজ হল প্রায় ৫ কিলোমিটার আর এটা হলো ৯.৮৬ (সংযোগ সড়কসহ) অর্থাৎ প্রায় দ্বিগুণ। তাছাড়া ফেরির যে চরিত্র, সেটা কিন্তু এক ছিল না। বঙ্গবন্ধু ব্রিজ যখন ফেরিতে ধরা হয়েছে, ১৯৯৫-৯৬ এর টোল ধরে করা হয়েছে। তারপরে দুই বার বাড়ানো হয়েছে। পদ্মায় তো প্রেজেন্ট টোলের রেট ধরে করা হচ্ছে।’