সদরঘাটে ভিড় নেই, লঞ্চমালিকরা হতাশায়
এবারের ঈদে লঞ্চ ব্যবসায়ীদের প্রত্যাশা মতো ব্যবসা বুঝি হচ্ছে না। প্রতি বছর এই সময়টার দিকে তারা তাকিয়ে থাকেন। কিন্তু ঈদের ঠিক আগে আগে আজও রাজধানীর সদরঘাটে যাত্রীদের ভিড় নেই। আর সেজন্য আছে লঞ্চমালিকদের হতাশা।
আজ শনিবার। কাল চাঁদ দেখা গেলে সোমবার ঈদ। এক হিসেবে আগামিকালই প্রায় সবাই বাড়ি পৌঁছে যাবে। সুতরাং, সোমবারকে হিসাবে না আনাই ভালো। লঞ্চ মালিকরা তা আনছেন না। কিন্তু তাদের প্রত্যাশিত যাত্রীরা কোথায়?
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদরঘাটে ঘুরে দেখা গেছে অন্যান্যবারের মতো এবার ঈদযাত্রীদের ভিড় নেই লঞ্চঘাটে।
সকালে কিছুটা চাপ ছিল। তবে বলার মতো না। আগের দিন শুক্রবার ছিল ছুটি শুরু হওয়ার দিন। মানুষের ঘরে ফেরার প্রথম দিন বলা যায়। কিন্তু ওদিনও সিট পরিপূর্ণ না হওয়ায় কয়েকটি লঞ্চ ছেড়ে যায়নি।
ঈদের সময় সিট খালি রেখে চলাচল করা সম্ভব না লঞ্চমালিকদের জন্য। তাছাড়া বড় লঞ্চগুলোর তো এক ধরণের সমস্যা আছেই। যাত্রী সঙ্কট তাদেরই হয় বেশি। বিশেষ করে এখন হচ্ছে। তাই এই বড় লঞ্চগুলো ছাড়া সম্ভব হচ্ছে না।
একটা ছুটির দিনে যতো যাত্রী থাকে তার অর্ধেকও নেই বলে একজন লঞ্চ স্টাফ আক্ষেপ করছিলেন। লঞ্চ সংশ্লিষ্টরা অপেক্ষায় এটা দেখতে যে দিনের পরের ভাগে মানে বিকেল ও রাতে কেমন যাত্রী হয় দেখতে।
একটি লঞ্চের কর্মকর্তা জানালেন, প্রতিবার ঈদে যে ব্যবসা তারা করেন তা এবার হচ্ছে না। যাত্রী এতটাই কম। অন্যান্যবার সকাল থেকে লঞ্চে যাত্রী ভরা থাকত। এবার তা হচ্ছে না। আজ গার্মেন্টস ছুটি হলে সন্ধ্যায় কিছুটা চাপ বাড়ার আশা করছেন তিনি।
জানা গেছে, আজ সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত ঘাটে লঞ্চ ভিড়েছে ৭৬টি। এর মধ্যে ছেড়ে গেছে ৫৬টি লঞ্চ।