বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সাভারে পিটিয়ে শিক্ষক হত্যা: প্রধান আসামির বাবা গ্রেপ্তার

মোহাম্মদ খাইরুল আমিন 29 জুন 2022, 04:00 দুপুর 252 বার পঠিত
সাভারে পিটিয়ে শিক্ষক হত্যা: প্রধান আসামির বাবা গ্রেপ্তার

সাভারের আশুলিয়ায় ক্রিকেট স্ট্যাম্প দিয়ে পিটিয়ে কলেজ শিক্ষককে হত্যা করার ঘটনায় প্রধান আসামি ছাত্র জিতুর বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। উজ্জ্বল হোসেন নামের ওই ব্যক্তিকে বুধবার ভোরে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করা হয়।

আশুলিয়া থানার ওসি এইচ এম কামরুজ্জামান এই তথ্য জানিয়েছেন। 

কামরুজ্জামান জানান, ‘‘শিক্ষক হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি ছাত্রের বাবা উজ্জ্বল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হয়েছে।’’

এর সঙ্গে তিনি বলেন, ‘‘উজ্জ্বল হোসেনের ছেলেকে গ্রেপ্তারে আমাদের একাধিক টিম কাজ করছে।’’

মামলার বরাত থেকে জানা যায়, শনিবার দুপুরে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠে শিক্ষক উৎপল কুমার সরকারের ওপর অতর্কিত হামলা চালানো হয়। তাকে ক্রিকেটের স্টাম্প দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র জিতু। সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষক উৎপল কুমার সরকার মারা যান।

রোববার আশুলিয়া থানায় নিহত শিক্ষক উৎপলের ভাই অসীম কুমার বাদী হয়ে জিতুসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে এখনো অভিযুক্ত ছাত্র পলাতক রয়েছে।

৩৭ বছরের উৎপল সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এঙ্গেলদানি গ্রামের মৃত অজিত সরকারের ছেলে। তিনি হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন। উৎপল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে যোগ দিয়েছিলেন।