বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সারা দেশে বেগুনের গায়ে আগুন

মোহাম্মদ খাইরুল আমিন 03 এপ্রিল 2022, 02:44 দুপুর 1,322 বার পঠিত
সারা দেশে বেগুনের গায়ে আগুন

সরবরাহের ঘাটতি নেই। বাজারে প্রচুর মিলছে সবজি। কিন্তু রোজা এসে গেছে। আর পবিত্র রমজানের প্রথম দিনেই সবজির বাজারে আগুন লেগে গেছে। বিশেষ করে বেগুনের দামে আগুন। কেজি এখন এক লাফে ১০০ টাকায় পৌছে গেছে। শশার অবস্থাও ভালো না। কাচা মরিচের অবস্থা সুবিধার না। অন্যান্য তরকারিরও দাম বাড়তির দিকে।

ঢাকার কারওয়ান বাজার থেকে উত্তরাঞ্চলের দিনাজপুরের হিলি কিংবা দক্ষিণাঞ্চলের বরিশালের সবজির বাজার, সব জায়গায় কাচা বাজারে সবজির দাম বাড়তির দিকে। রোজায় বাঙালীর ইফতারে বেগুনী অত্যন্ত জনপ্রিয়। সেই কথা জেনেই বেগুনের দাম এবারও বাড়ানো হয়েছে। একটু ঠান্ডা শশাও থাকে ইফতারের টেবিলে। বাজারে সেই শশার দামও অনেক বেড়েছে। 

ঢাকার সবজি বাজারে আগুন:

রোজ সংযমের মাস। কিন্তু মানুষের প্রয়োজনের কথা ভেবে এই রোজায় অসাধু ব্যবসায়ীরা সবজির দাম বাড়ানোর ক্ষেত্রে কোনো সংযমই দখোন না। আজ রবিবার রাজধানীর শান্তিনগর, সেগুনবাগিচা, মালিবাগ রেলগেইটের বাজার ঘুরে দেখা গেছে বেগুনের কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে দুদিন আগেও এর দাম ছিল ৬০-৭০ টাকা। আর এক সপ্তাহ আগে বেগুনের কেজি ছিল ৫০ টাকা। 

কারওয়ান বাজারে বেগুনের সরবরাহের কোনো কমতি নেই। কিন্তু ক্রেতারা বেগুন কিনতে গিয়ে কিংকর্তব্যবিমুঢ় হচ্ছেন। ইফতারির জন্য বেগুন লাগবেই। আর তাই ১০০ টাকা দিয়েই কিনতে হচ্ছে বেগুন। 

বেগুনীর জন্য লম্বা বেগুনের চাহিদা বেশি। যোগানও আছে খুব। হোটেলে হোটেলে রমজানে বেগুনের চাহিদা বেড়ে যায়। বাসা-বাড়ি থেকে শুরু করে হোটেল রেস্টুরেন্টে বেগুনের চাহিদা অনেক বেশি থাকে বলেই ব্যবসায়ীরা এই সময়ে সুযোগ নিয়ে দাম বাড়িয়ে ফেলেন। রোজার শুরুতে বেগুনের দাম সেঞ্চুরি করে ফেললে সামনে কি অপেক্ষায় কে জানে!

বরিশালে বেগুন-শশার দাম আকাশ ছোয়া:

সারা দেশের মতো দক্ষিণাঞ্চলের সবজির বাজারেও আগুন লেগেছে। বিশেষ করে বেগুন
আর শশা বুঝি ধরাছোয়ার বাইরে চলে যাবে!
 
আজ রোজার প্রথম দিনেই বরিশালের বাজারে বেগুন আর শশা ৮০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। কোথাও কোথাও তা ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। কাচা মরিচের কেজিও ৮০-৯০ টাকা। অথচ সবজির কোনো ঘাটতি নেই। বাজার পর্যবেক্ষকদের মতে রোজায় চাহিদা বৃদ্ধিকে পুজি করে কতিপয় অসাধু ব্যাবসায়ী গত কয়েকদিন ধরে বেগুন ও শসা বিক্রী বন্ধ রেখে কৃত্রিম সংকট তৈরী করে দাম বাড়িয়েছে।

দেশে উৎপাদিত হয় প্রায় ২ কোটি টন সবজি। এর মধ্যে ২১ লাখ টন উৎপাদিত হয় বরিশালের বিস্তৃত কৃষি অঞ্চলে। তারপরও দক্ষিণের এই জেলায় রোজার শুরুতে বেগুন-শশার দাম এভাবে বেড়ে যাওয়া ভাবিত হওয়ার মতো বিষয়। 

হিলিতে সবজির দাম ঊর্ধ্বমুখী:

একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলির সবজির বাজারে দেখা যাচ্ছে ভিন্নচিত্র। প্রায় প্রতিটি সবজিতে দাম বেড়েছে। কেজিতে ১০-১৫ টাকার মতো বাড়তি এখন। রোজায় মানুষের ঘরে ঘরে সবজির চাহিদা বেশি থাকে বলে এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা সবজির দাম বাড়িয়ে দিয়েছেন বলে জানা গেছে।

ঢাকা-বরিশালের মতো এখানে বেগুনের দাম সেঞ্চুরি করেনি। কিন্তু একেবারে কমও বাড়েনি দাম। রবিবার সকালে হিলির সবজি বাজার ঘুরে দেখা গেছে শনিবার যে বেগুনের কেজি ছিলো ২৫ থেকে ৩০ টাকা, আজ সেটি বিক্রি হচ্ছে ৪০ টাকা দরে। ২০ টাকার শষা বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে। ২০ টাকার টমেটোর দাম ৩০, ১৫ টাকা কেজির গাজর ৩০ টাকা, ৪০ টাকার পটল ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে

বেড়েছে কাঁচা মরিচেরও দাম। শনিবার যে মরিচ বিক্রি হয়েছে ৬০ টাকা কেজি দরে আজ সেই মরিচ বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজিতে।