বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

শাবি শিক্ষার্থী বুলবুল হত্যায় আরো তিনজন আটক

মোহাম্মদ খাইরুল আমিন 27 জুলাই 2022, 02:32 দুপুর 462 বার পঠিত
শাবি শিক্ষার্থী বুলবুল হত্যায় আরো তিনজন আটক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুলবুল আহমেদ হত্যার ঘটনায় আরো তিনজনকে  আটক করেছে পুলিশ। বুলবুলকে হত্যায় ব্যবহৃত ছুরির সঙ্গে মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।

আটক তিনজন হলেন বিশ্ববিদ্যালয়ের পাশের টিলারগাঁও এলাকার কামরুল ইসলাম (২১), আবুল হোসেন (১৯) ও মোহাম্মদ হাসান (১৯)। এর সবাই একে অন্যের কাছাকাছি বাড়িতে থাকেন।  

সিলেটের জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান জানান, মঙ্গলবার রাতে ও বুধবার সকালে অভিযান চালিয়ে এই তিনজনকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত কামরুলের স্বীকারোক্তির ভিত্তিতে তার টিলারগাঁওয়ের বাসা থেকে বুলবুল হত্যায় ব্যবহৃত ছুরি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। কামরুল নিজেই এগুলো বের করে দিয়েছেন।

ওসি নাজমুল জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কাছে বিস্তারিত তথ্য পাওয়ার আশা করছেন তারা। 

এই তিনজনকে আটক করার আগে বুলবুল হত্যায় সন্দেহভাজন তিনজনকে আটক করে পুলিশ। পুলিশ জানায়, তাদের একজন হত্যায় জড়িত এবং তার বক্তব্যের ভিত্তিতে নতুন তিনজনকে আটক করা হয়েছে। 

সোমবার সন্ধ্যায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে ছুরিকাঘাতে প্রাণ হারান বিশ্ববিদ্যালয়টির লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বুলবুল আহমেদ। 

খুনের ঘটনায় তদন্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কমিটি গঠন করেছে। তবে তার আগেই বুলবুলের সহপাঠীরা আন্দোলনে নামে। তারা খুনিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দেয়।

হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বাদী হয়ে জালালাবাদ থানায় সোমবার রাতে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন।