‘র্যাগ ডে’র নামে অশ্লিলতা-নগ্নতা বন্ধের নির্দেশ
বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগ ডের নামে ডিজে পার্টি, উদ্দাম নৃত্য, বুলিং, অশ্লীলতা ও নগ্নতা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ রোববার এ সংক্রান্ত রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।
এই আদেশের সঙ্গে শিক্ষা সচিব, সংস্কৃতি সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, ইউজিসির চেয়ারম্যান, ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, পুলিশের মহাপরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে আগামী ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
হাই কোর্ট থেকে রুল জারি করা হয়েছে এটা জানতে চেয়ে যে র্যাগ ডের নামে শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজে পার্টি, উদ্দাম নৃত্য, বুলিং, অশ্লীলতা ও নগ্নতা বন্ধে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না।
শিক্ষাসচিব, তথ্য সচিব, সংস্কৃতি সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, ঢাবি, রাবি, জাবি, খুবি ও ববির উপাচার্য, পুলিশের মহাপরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, গত ৭ এপ্রিল আইনজীবী মোহাম্মদ কামরুল হাসান রিটটি দায়ের করেন। আদালতে তিনি নিজেই রিটের পক্ষে শুনানি করেন। আগামী প্রজন্মকে অপসংস্কৃতির হাত থেকে বাঁচাতে র্যাগ ডের নামে এসব অশ্লীল কার্যক্রম শিক্ষাপ্রতিষ্ঠানে বন্ধ করা প্রয়োজন বলে মনে করেন তিনি।