রমনা বটমূলে হামলার ফাঁসির আসামি গ্রেপ্তার
নতুন এক বাংলা বর্ষবরণের দিন দুই দশক আগে রমনা বটমূলে বর্ষবরণের অনুষ্ঠানে বোমা হামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির ধরা পড়ার কথা জানা গেল। আসামির নাম মুফতি শফিকুর রহমান। ২১ আগস্ট গ্রেনেড হামালারও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি তিনি।
বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক এসএমএসে বলা হয়, বহুল আলোচিত রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মুফতি শফিকুর রহমানকে কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
২০০১ সালে রাজধানীর রমনা বটমূলে পহেলা বৈশাখে ছায়ানটের বর্ষবরণের অনুষ্ঠানে বোমা হামলা চালিয়েছিল জঙ্গিরা। ওই ঘটনায় ১০ জন প্রাণ হারিয়েছিলেন।
হত্যা ও বিস্ফোরণ আইনে দুটি পৃথক মামলা করা হয় এর পর। ঘটনার আট বছর পর ১৪ জনকে আসমি করে অভিযোগপত্র দেওয়া হয়। আর ২০১৪ সালের ২৩ জুন ঢাকার দায়রা জজ রুহুল আমিন প্রধান আসামি মুফতি হান্নানসহ আটজনের মৃত্যুদণ্ড ও ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন।
র্যাবের হাতে আটককৃত শফিকুর মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে একজন।