শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রমজানে নিরাপত্তা তৎপরতা বাড়ছে, থাকছে না ‘ডেভিল হান্ট’ নাম  

মোহাম্মদ খাইরুল আমিন 03 মার্চ 2025, 10:57 দুপুর 233 বার পঠিত
রমজানে নিরাপত্তা তৎপরতা বাড়ছে, থাকছে না ‘ডেভিল হান্ট’ নাম  

রমজান মাস ঘিরে পেশাদার ও মৌসুমি অপরাধীরা সক্রিয় হয়ে উঠেছে। রাজধানীসহ সারাদেশে জাল টাকা, ছিনতাই, ডাকাতি, গাড়ি চুরি, অজ্ঞান পার্টি ও মলম পার্টির তৎপরতা বেড়েছে। এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযান আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অভিযানের পূর্বনির্ধারিত নাম ‘ডেভিল হান্ট’ আর থাকছে না বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

অভিযান জোরদারের সিদ্ধান্ত
গতকাল রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত কোর কমিটির বৈঠকে রমজান মাসে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার সিদ্ধান্ত নেওয়া হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য চলমান বিশেষ অভিযান আরও জোরদার করা হবে। মহাসড়কে ডাকাতি ও চাঁদাবাজি ঠেকাতে এবং ব্যাংক থেকে বড় অঙ্কের অর্থ উত্তোলনের সময় নিরাপত্তা বাড়ানো হবে।

এর আগে, ৮ ফেব্রুয়ারি দেশব্যাপী শুরু হওয়া ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় ১ মার্চ পর্যন্ত ১১,৮৮২ জনকে গ্রেপ্তার করা হয়। তবে অভিযানের নাম নিয়ে নানা আলোচনা থাকায় এটি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রমজানে অপরাধের শঙ্কা

গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী, রমজানে মানুষের কেনাকাটা ও আর্থিক লেনদেন বাড়ে, যা অপরাধীদের সক্রিয় করে তোলে। বিশেষ করে বিপণিবিতান, বাসস্ট্যান্ড, রেলস্টেশন ও লঞ্চঘাটে ছিনতাই, ডাকাতি, জাল টাকা লেনদেন এবং গাড়ি চুরির ঘটনা বেড়ে যায়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল মো. মুনীম ফেরদৌস জানান, ‘রমজান মাসে ছিনতাইকারী চক্র, টানা পার্টি, জাল টাকার কারবারিদের তৎপরতা বেড়ে যায়। তাই সারাদেশে ২০০টিরও বেশি টহল দল সক্রিয় রয়েছে। এছাড়া, সাদাপোশাকে র‌্যাব সদস্যরাও দায়িত্ব পালন করছেন।’

আর্থিক প্রতিষ্ঠানে নজরদারি
বাংলাদেশ দোকান মালিক সমিতির (বিএসওএ) জরিপ অনুযায়ী, ঈদকে কেন্দ্র করে প্রায় ১ লাখ ৭০ হাজার কোটি টাকার ব্যবসা হয়। ফলে, ছিনতাই ও ডাকাতির ঝুঁকি বাড়ে। পুলিশের পক্ষ থেকে বড় অঙ্কের অর্থ লেনদেনের ক্ষেত্রে সহযোগিতা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ডিএমপির সহকারী মহাপরিদর্শক ইনামুল হক সাগর জানান, নগদ অর্থ উত্তোলন ও পরিবহনে ‘মানি এসকর্ট’ সেবা চালু করা হয়েছে। রাজধানীতে প্রতিদিন পুলিশের পাঁচ শতাধিক টহল দল কাজ করছে।

প্রথম দিনেই ব্যাপক অভিযান
রমজানের প্রথম দিনে রাজধানীতে ৫৭৫টি টহল দল এবং ৬৫টি তল্লাশি চৌকি পরিচালনা করা হয়। এ সময় ১৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে ৬ জন ডাকাত, ১৮ জন ছিনতাইকারী, ৪ জন চাঁদাবাজ এবং ১০ জন চোর রয়েছে।

ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সূত্র জানিয়েছে, পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিটও অভিযানে অংশ নিচ্ছে। পাশাপাশি, অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি আরও বাড়ানো হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষায় কোর কমিটির সিদ্ধান্ত
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, থানাভিত্তিক সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ করে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল কেনার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে দ্রুত টহল কার্যক্রম চালানো যায়।

এছাড়া, মামলা মনিটরিং কমিটি গঠন করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি চৌকি ও অপরাধপ্রবণ এলাকায় যৌথ বাহিনীর টহল বাড়ানো হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারাদেশে যৌথভাবে অভিযান পরিচালনা করছে। রাজধানীর পাশাপাশি টঙ্গী, বছিলা, কেরানীগঞ্জ, মুন্সিগঞ্জসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।