রাজশাহীতে হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড
মিষ্টির দোকানের কর্মচারী প্রকাশ সিংকে (২০) গলা কেটে হত্যা করেছিল ঘাতকরা। সেই হত্যাকাণ্ডের জন্য চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। রাজশাহীর তানোর উপজেলার আলোচিত খুনের ঘটনাটির রায় এলো।
আজ রোববার দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইবুন্যালের বিচারক অনুপ কুমার এই রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) এন্তাজুল হক বাবু জানান। এই সময় আসামিরা উপস্থিত ছিলেন।
যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তারা হলেন- উপজেলার চোরখৈর গ্রামের মৃত জলধর সিংয়ের ছেলে বিমল সিং (৫০), তার স্ত্রী অঞ্জলী রানী (৪৫), ছেলে সুবোধ সিং (২০) ও নওগাঁ নিয়ামতপুর উপজেলার শ্যামপুর গ্রামের জিন্নাত আলী মণ্ডলের ছেলে বাদল মণ্ডল (৪৬)।
মামলার বরাত থেকে জানা যায়, ২০২১ সালের ২৮ মার্চ তানোরের চোরখৈর গ্রামের প্রকাশ সিং বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরদিন মাঠে তার গলাকাটা লাশ পাওয়া যায়। এ ঘটনায় প্রকাশের বাবা নির্মল সিং বাদী হয়ে মামলা দায়ের করে।
প্রকাশ রাজশাহী নগরীতে একটি মিষ্টির দোকানে কাজ করতেন। তখন লকডাউনের জন্য এক মাস বাড়িতে ছিলেন।
মামলার অভিযোগপত্রে বলা হয়, অঞ্জলী রানী ও বাদল মণ্ডলের মধ্যে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা প্রকাশ সিং জেনে যাওয়ায় আসামিরা তাকে হত্যা করে।