রাজধানীতে স্বস্তির বৃষ্টি, সঙ্গে কালবৈশাখী, শিলাবৃষ্টি
রাজধানী ঢাকায় কয়েকদিন গেছে দমবন্ধ পরিবেশ। গরমে মানুষ হয়েছেন অতিষ্ঠ। বুধবার সকালটা অবশ্য একটু ভিন্নভাবে এলো। আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির কথা ছিল। হলো তাই। কালবৈশাখী হানা দিয়ে গেল। বজ্রসহ শিলাবৃষ্টি মাতিয়ে গেল রাজধানী।
ভোরের আলো তখেনো চারদিক ছাপিয়ে গেছে কি যায়নি তখন হঠাৎ মেঘ করে আসে। ঢাকার আকাশ অন্ধকার। ৭টার আগেই ঝড়ো বাতাস শুরু। সেই সঙ্গে বজ্রপাত। তারপর শুরু হয় শিলাবৃষ্টি।
প্রায় ঘণ্টাখানেক ধরে চলে বৃষ্টি। ছিল বাতাস। সব মিলে এমন এক পরিস্থিতি পরিবেশকে অনেকটা ঠাণ্ডা করে দিয়ে যায়। রাজধানীর মানুষদের মধ্যে এক ফোটা স্বস্তির পরশ হয়ে আসে এই বৃষ্টি।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, ঢাকায় ঝড়ের সময় বিমানবন্দর আবহাওয়া স্টেশনে ঘণ্টায় ৭০ কিলোমিটার পর্যন্ত বাতাসের সর্বোচ্চ গতিবেগ রেকর্ড করা হয়। আর আগারগাঁও এলাকায় বাতাসের গতি উঠেছিল ৫৫ কিলোমিটার পর্যন্ত। ওই সময়টায় ঢাকায় ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এই কালবৈশাখীতে খয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
শুধু ঢাকায় নয়, আজ সকালে দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। নোয়াখালী, কুমিল্লা, রাঙামাটি, টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় কালবৈশাখী বয়ে গেছে। রংপুরে আগের রাতে কালবৈশাখী হানা দিয়েছিল। সকালের দিকে ঝড় হয়েছে দেশের আরো অনেক এলাকায়।