শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

পুতিনের ক্যান্সার?

মোহাম্মদ খাইরুল আমিন 01 মে 2022, 03:16 দুপুর 261 বার পঠিত
পুতিনের ক্যান্সার?

রাশিয়ার  প্রেসিডেন্ট কি শেষে ক্যানসারে কাবু হলেন! রুশ নেতা ভ্লাদিমির পুতিন কি কর্কট রোগে আক্রান্ত? একটি অনলাইন সংবাদসংস্থা অন্তত তেমনই দাবি করেছে। তারা এমনও জানিয়েছে যে, অচিরেই রুশ রাষ্ট্রপ্রধানকে ক্যানসার সারাতে অস্ত্রোপচারও করাতে হতে পারে। সে ক্ষেত্রে বেশ কিছু দিনের জন্য ‘ছুটি’ নিতে পারেন পুতিন!

ক্রেমলিনের এক বিশ্বস্ত সূত্রকে উল্লেখ করে এই দাবি করে ওই সংবাদ সংস্থাটি। দাবি, অবস্থা এতটাই গুরুতর যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের উপর থেকে নিয়ন্ত্রণ হারাতে পারেন পুতিন। তাঁর অবর্তমানে সেই দায়িত্ব নিতে পারেন রুশ নিরাপত্তা পরিষদের প্রধান নিকোলাই পাত্রুশেভ। ওই সূত্রেরই খবর, অনিচ্ছা সত্ত্বেও এই ব্যবস্থাপনায় রাজি হয়েছেন পুতিন।

তবে সংবাদ সংস্থাটির ওই দাবি কতটা সত্যি বা আদপেই সত্যি কি না তা নিয়ে ক্রেমলিন একটি কথাও বলেনি।

রুশ রাষ্ট্রনায়কের স্বাস্থ্য গত কয়েক দিন ধরেই আলোচনায়। কিন্তু ক্রেমলিন বরাবরই পুতিনের অসুস্থতা সংক্রান্ত সবরকম দাবি নাকচ করে এসেছে। 

যদিও তাতে আলোচনা থামেনি। ক্রেমলিন যা-ই বলুক, পুতিন কোন রোগে আক্রান্ত তার বিভিন্ন রকম সম্ভাবনা নিয়ে বিভিন্ন মহলে জোর জল্পনা চলে প্রায় রোজই। 

আলোচনার মূলে আসলে পুতিনের কয়েকটি ভিডিও। যেখানে রুশ রাষ্ট্রপ্রধানের আচার আচরণে কিছু কিছু অস্বাভাবিকত্ব লক্ষ্য করেছেন পর্যবেক্ষকরা।

কোথাও তাঁকে দেখা গিয়েছে ১২ মিনিট ধরে চলা বৈঠকের পুরো সময় জুড়ে একটি হাত টেবিলের কোনায় ভর দিয়ে রাখতে। যা দেখে পর্যবেক্ষকদের ধারণা, পুতিন স্নায়ুর রোগ পারকিনসন্সে আক্রান্ত। এ রোগে হাতে অস্বাভাবিক কাঁপুনি লক্ষ্য করা যায়। তাঁদের দাবি, পুতিন ওই কাঁপুনি এড়াতেই ওভাবে হাত রেখেছিলেন টেবিলের কোনায়।

অনেকে তাঁর মুখ অস্বাভাবিক রকমের ফুলে থাকা নিয়ে মন্তব্য করেছেন। পুতিনের পা ছড়িয়ে বসার ভঙ্গি বা অধৈর্য্যভাবে পা নাড়ানো দেখেও তাঁর অসুস্থতার কথা বলেছেন কেউ কেউ। ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ নজর রেখে কেউ আবার এমন সিদ্ধান্তেও পৌঁছেছেন পুতিন জড়ানো স্বরে কথা বলছেন। কারণ উল্টো দিকের মানুষটির চোখে মুখে না বুঝতে পারার ছাপ নাকি স্পষ্ট।

তবে টেলিগ্রাম চ্যানেল জেনারেল এসভিআর সম্প্রতি ক্রেমলিনের সূত্র উল্লেখ করে যে দাবিটি করেছে, তা এর আগে কেউ করেনি।

এসভিআর জানিয়েছে, পুতিন থাইরয়েডের ক্যনসারে আক্রান্ত। রোগটির চিকিৎসা এপ্রিলেই হওয়ার কথা ছিল। কিন্তু পুতিনই নাকি চাননি অস্ত্রোপচার করাতে।