প্রেসক্লাবে গায়ে আগুন দিয়ে ঠিকাদারের আত্মহত্যার চেষ্টা
ঢাকার জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে একজন ঠিকাদার আজ নিজের গায়ে আগুন দিয়েছেন আত্মহত্যার চেষ্টা করেছেন।
উপস্থিত ছিলেন যারা তারা তার গায়ের আগুন নিভিয়ে তাকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেছে।
চিকিৎসকরা জানিয়েছেন, তার দেহের ৮০ শতাংশ পুড়ে গেছে।
নিজের শরীরে আগুন দেওয়া ওই ব্যক্তির নাম গাজী আনিস। তার বয়স ৫০। তার বাড়ি কুষ্টিয়ায়। তিনি কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। এখন তিনি ঠিকাদারির কাজ করেন।
একটি কোম্পানির কাছে তার বড় অেঙ্কের টাকা পাওনা। সেই কোটি টাকা না পেয়ে ক্ষোভ থেকে তিনি আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সোমবার বিকাল ৫টার দিকে প্রেস ক্লাবের ফটকের ভেতরে খোলা জায়গায় আনিস নিজের শরীরে আগুন ধরিয়ে দেন।
শুয়ে থাকা মানুষটার শরীরে আগুন জ্বলতে দেখে আশপাশ থেকে সবাই ছুটে যান। তারা পানি ঢেলে আগুন নেভান। অবশ্য ততক্ষণে তার পোশাক সম্পূর্ণ পুড়ে যায়।
আনিসকে হাসপাতালে নেওয়া এক সংবাদকর্মী জানান, লোকটির সঙ্গে তার একটু কথা হয়েছিল। তার কাছ থেকে তিনি জেনেছেন যে একটি কোম্পানির কাছে আনিস ১ কোটি ২৬ লাখ টাকা পাবেন। ওই কোম্পানি তা দিচ্ছে না। এর আড়ে পাওনা পেতে তিনি মানববন্ধন করেছিলেন। তাতে লাভ হয়নি। তাই এবার তিনি নিজের গায়ে আগুন দেন।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, আনিসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, চিকিৎসা চলছে।