বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

প্রধানমন্ত্রী হিসেবে খুলনায় প্রথমবার তারেক রহমান

মোহাম্মদ খাইরুল আমিন • 22 অক্টোবর 2026, 08:20 সকাল • 10 বার পঠিত
প্রধানমন্ত্রী হিসেবে খুলনায় প্রথমবার তারেক রহমান

ত্রয়োদশ সংসদ নির্বাচনে জিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথমবার খুলনা সফর করছেন তারেক রহমান।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সরকারপ্রধানকে বহনকারী হেলিকপ্টার দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নের নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠের অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করে।

এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান নলিয়ান লঞ্চঘাট থেকে নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা করেন।

বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, সুন্দরবন পর্যবেক্ষণ, মোংলা বন্দরের জেটি ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে খুলনা ও বাগেরহাট সফর করছেন প্রধানমন্ত্রী। তার সফর ঘিরে সুন্দরবন, দাকোপ ও মোংলা বন্দর এলাকায় তিন স্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে।

উপকূলীয় এ জনপদ ‘উন্নয়নবঞ্চিত’ মন্তব্য করে পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, “মোংলা বন্দরকে কেন্দ্র করে শিল্পায়ন, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা রয়েছে। মোংলাকে দক্ষিণ এশিয়ার অন্যতম অর্থনৈতিক হাব এবং দক্ষিণাঞ্চলকে আঞ্চলিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করার লক্ষ্য নিয়ে এসব উদ্যোগ নেওয়া হচ্ছে।

“মোংলা বন্দরের উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বন্দর পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরের মধ্য দিয়ে মোংলা বন্দরসহ উপকূলীয় অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশা করছি।”

প্রতিমন্ত্রী ফরিদুল বলেন, “এ অঞ্চলের মানুষের উন্নয়ন করতে হলে এখানে শিল্পায়ন করতে হবে।

“মোংলা বন্দরের আধুনিকায়ন, বেজা প্রস্তাবিত ইকোনমিক জোন ও সুন্দরবনের পর্যটন—সবকিছু দেখার জন্য প্রধানমন্ত্রী খুলনা সফর করছেন।”