পহেলা বৈশাখের অনুষ্ঠান শেষ করতে হবে ২টার মধ্যে
রোজার মধ্যে হচ্ছে পহেলা বৈশাখ। তাই বৈশাখের প্রথম দিন বাংলা বর্ষবরণের আয়োজন এবার দুপুর দুইটার মধ্যে শেষ করতে হবে। ঢাকা মহানগর পুলিশ একথা জানিয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে ঢাকার পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানের নিরাপত্তা প্রস্তুতি ঘুরে দেখতে যান। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
পুলিশ কমিশনার জানান, ‘এবার রোজার মধ্যে পহেলা বৈশাখ হবে। তাই দিনের বেলা কোনো খাবার দোকান খোলা থাকবে না। রোজার মাস চলছে, তাই এবার বেলা ২টার মধ্যে পহেলা বৈশাখের অনুষ্ঠান শেষ করতে হবে।’
বেলা একটার পর নতুন করে কাউকে রমনা বটমূল বা উৎসব এলাকায় ঢুকতে দেওয়া হবে না। রমনা বটমূল ও এর আশেপাশের এলকায় পহেলা বৈশাখ অনুষ্ঠানে যারা যোগ দেবেন তাদের অবশ্যই দুপুর ২টার মধ্যে এলাকাটি ছাড়তে হবে।
করোনাভাইরাস মহামারীর কারণে গত দুই বছর পহেলা বৈশাখের বর্ষবরণের আয়োজন অনুষ্ঠিত হয়নি। এবার দেশজুড়ে সংক্রমণ কমে আসায় বৃহস্পতিবার ভোরে রমনার বটমূলে ছায়ানটের বর্ষণবরণ অনুষ্ঠান হবে। মেট্রোরেলের নির্মাণকাজের জন্য এবার মঙ্গল শোভাযাত্রা টিএসসি থেকে ভিসির চত্বর পর্যন্ত রাস্তায় হবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পহেলা বৈশাখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোন ধরনের মুখোশ পরা এবং ব্যাগ বহন করা যাবে না। তবে চারুকলা অনুষদের বানানো বৈশাখী মুখোশ হাতে নিয়ে শোভাযাত্রায় অংশ নেওয়া যাবে।