পান্থপথ কালভার্ট হতে ৭৪ টন বর্জ্য অপসারণ
ঢাকা ওয়াসা থেকে দায়িত্ব পাওয়ার পর বর্জ্য অপসারণ কার্যক্রমের প্রথমদিনে ৭৪ টন বর্জ্য অপসারণ করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। শনিবার সকালে রাজধানীর পান্থপথ বক্স কালভার্টের পাঁচটি ড্রেনেজ পিট থেথে এসব বর্জ্য অপসারন করা হয়।
ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, গত ৩১শে ডিসেম্বর ঢাকা ওয়াসা হতে সকল খাল ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হয়েছে। ডিএসসিসির মেয়র মহোদয়ের নির্দেশনা মোতাবেক আমরা কাল বিলম্ব না করে শনিবার থেকে কাজ শুরু করেছি।
প্রাথমিকভাবে আমরা পান্থপথ কালভার্ট হতে বর্জ্য অপসারণ কাজ শুরু করেছি। এরপর আমরা সেগুনবাগিচা কালভার্ট হতে বর্জ্য অপসারণ কার্যক্রম পরিচালনা করব। পাশাপাশি আমাদের জিরানী, মান্ডা ও শ্যামপুর খালে প্রাথমিক পরিচ্ছন্নতা কাজ চলছে। তারপর সীমানা নির্ধারণ ও উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করব।
তিনি বলেন, আমরা মার্চের মধ্যে এ দুটি বক্স কালভার্ট ও তিনটি খাল হতে বর্জ্য অপসারণ কার্যক্রম শেষ করতে চাই। যাতে করে আমরা এপ্রিলের শুরু হতে ঢাকা শহর থেকে জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে পারি।