পাবনা : পেঁয়াজ নিয়ে হাটে যাওয়ার পথে প্রাণ গেল ২ কৃষকের
মোহাম্মদ খাইরুল আমিন
•
22 নভেম্বর 2022, 06:55 বিকাল
•
391 বার পঠিত
পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর-বগুড়া মহাসড়কের পাটগাড়ি এলাকায় ট্রাকচাপায় দুই কৃষক নিহত। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। আজ মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাঁথিয়ার খিদির গ্রামের হাছেন আলীর ছেলে নসিমনচালক ৫০ বছর বয়সী মুন্নাফ আলী ও যাত্রী হাশেম আলী দরবেশের ছেলে ৪৫ বছরের জিয়াউর রহমান।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, সকালে খিদির গ্রাম থেকে একটি নসিমনে পেঁয়াজ নিয়ে বেড়া হাটের উদ্দেশে রওনা দেন কয়েকজন কৃষক। পাটগাড়ি এলাকায় পৌঁছালে নসিমনকে চাপা দেয় একটি ট্রাক। এতে নসিমনটি উল্টে যাত্রীরা আহত হন।
পরে গুরুতর অবস্থায় তিনজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দুজন মারা যান। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।