বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

অভয়নগরে ভবদহ অঞ্চলে বোরো আবাদ অনিশ্চিত : দুঃচিন্তায় কৃষক

অনলাইন নিউজ পোর্টাল 10 ডিসেম্বর 2020, 10:38 দুপুর 118 বার পঠিত
অভয়নগরে ভবদহ অঞ্চলে বোরো আবাদ অনিশ্চিত : দুঃচিন্তায় কৃষক

যশোরের  ভবদহ অঞ্চলে এবার বোরো আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। এনিয়ে দুশ্চিন্তায় পড়েছে কৃষক পরিবার। এদিকে বোরো আবাদের লক্ষমাত্রা অর্জিত হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে কৃষি কর্মকর্তা। তবে তিনি দাবি করেছেন, ভবদহের বিকল্প আমডাঙ্গা খাল দিয়ে যে পরিমাণ পানি নিষ্কাশন হচ্ছে তার গতি যদি বৃদ্ধি করা যায় তাহলে এবারের বোরো আবাদের লক্ষমাত্রা অর্জন অনেকাংশে সম্ভব হবে।

তবে এলাকাবাসির দাবি সরকারি সহযোগিতা ছাড়া আমডাঙ্গা খাল দিয়ে সম্পূর্ণ পানি নিষ্কাশন সম্ভব না। তাদের অভিযোগ, এনিয়ে কোন চিন্তা নেই পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের।

সরেজমিন ঘুরে দেখা গেছে, ভবদহ অঞ্চলের বিল বোকড়, বিল কেদারিয়া, বিল ঝিকরাসহ যে সমস্ত বিলে উল্লেখযোগ্য পরিমাণ ধান চাষ হয়ে থাকে সেসব বিলে বীজতলা তৈরি করা সম্ভব হচ্ছে না। ফলে এবারো বোরো আবাদ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ বোরো চাষের সময় ঘনিয়ে আসলেও এখনো পর্যন্ত কৃষকরা তৈরি করতে পারেনি বীজতলা। এখনই বীজতলা তৈরি করতে না পারলে বোরো চাষ করা কোনোভাবেই সম্ভব নয়। তবে আমডাঙ্গা খাল দিয়ে পানি যে পরিমাণ নিষ্কাশন হচ্ছে তাতে যদি স্রোতের গতি বৃদ্ধি করা যায় তাহলে আপাতত উপরের জমিতে বীজতলা তৈরি করা যেতে পারে। এবং সরকারি সহযোগিতায় আমডাঙ্গা খালকে সম্প্রসারণ করে খালের আকার বৃদ্ধি ও তলদেশ গভীর করা যায় তাহলে অধিকাংশ জমি চাষের আওতায় আনা সম্ভব। তা নাহলে ভেঙে পড়বে এলাকার অর্থনীতি। পরিবার পরিজন নিয়ে পথে বসতে হবে ওইসব কৃষক পরিবারগুলোর এবং মারাত্মক প্রভাব পড়বে গবাদি পশুর খাদ্যের উপর। গো-খাদ্যের সংকটে নিঃস্ব হবে খামারীরা।

আমডাঙ্গা খাল খনন কমিটির আহ্বায়ক ইউপি মেম্বর ইকবাল হোসেন জানান, এবছর বোরো আবাদের উপর ব্যাপক প্রভাব পড়বে। কৃষক পরিবারগুলো যদি এবারের ধান চাষ করতে না পারে তাহলে চরম বিপাকে পড়বে ওইসব পরিবার। তাদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড এবং বিএডিসি’র কার্যকরী ভূমিকা দরাকার। তারা যদি কিছুদিনের মধ্যেই কার্যকরি ভূমিকা পালন করে করে তাহলে হয়তোবা সম্পূর্ণ জমি চাষ করতে না পারলেও উল্লেখযোগ্য পরিমাণ জমি চাষ করে কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে পারবে কৃষকরা।

আমডাঙ্গা খাল সংস্কার কমিটির ধোপাদী গ্রামের আ: রউফ মোল্যা জানান, আমরা জনগণ নিয়ে খালের ব্লক অপসারণসহ খাল থেকে ময়লা আবর্জনা পরিস্কার করে খালের স্রোতের গতি বৃদ্ধি করেছি। এখন সরকারি সহযোগিতা দরকার। পানি উন্নয়ন বোর্ড যদি খালের দু’পাড় বৃদ্ধি করে সম্পূর্ণ খাল পরিস্কার করে তাহলে আমরা এবারই ধান চাষ করতে পারব। আর তা না হলে কৃষক পরিবার তাদের থালা বাটি নিয়ে খালের পাশের মহাসড়কে অবরোধ করে সরকারকে বাধ্য করবে খাল পুঃনখনন করতে। কারণ এটা আমাদের বাঁচা-মরার লড়াই।

ভবদহ পানি নিষ্কাশন কমিটির আহবায়ক ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক বাবুল জানান, আমডাঙ্গা খাল নিয়ে সরকার যদি অতি দ্রুত পদক্ষেপ নেয় তাহলে বোরো আবাদ সম্ভব। তা না হলে এবছর বোরো আবাদ করা কোনোভাবেই সম্ভব নয়। তাছাড়া আমডাঙ্গা খালের দুই পাশে খনন করে আরো বৃদ্ধি করতে হবে। না করতে পারলে কৃষক পরিবারগুলো পথে বসবে। তাদের বাঁচাতে গেলে সরকারি সহযোগী অবশ্যই প্রয়োজন।

অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম সামদানি জানান, এবছর অভয়নগর উপজেলায় বোরো আবাদের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার হেক্টর জমি। কিন্তু লক্ষ্যমাত্রা অর্জন কোনোভাবেই সম্ভব নয়। অপর প্রশ্নের জাবাবে তিনি জানান, আমডাঙ্গা খাল দিয়ে যেভাবে পানি নিষ্কাশন হচ্ছে এভাবে নিষ্কাশন হলে হয়তোবা অনেক খানি অর্জন সম্ভব তা না হলে লক্ষমাত্রা অর্জন নিয়ে শঙ্কায় থেকে যাবে।

তিনি আরো জানান, গত মিটিংয়ে আমডাঙ্গা খাল নিয়ে বিএডিসি’র কর্মকর্তাদের সাথে কথা হয়েছে, তারা জানিয়েছে বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করা হচ্ছে। ভবদহের বিকল্প হিসেবে আমডাঙ্গা খালকে সম্প্রসারণ করে পানি নিষ্কাশন করার ব্যবস্থা করা হবে।