ওবায়দুল কাদেরের বক্তব্যকে ‘উদ্ভট’ বললেন মির্জা ফখরুল
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেওয়া বক্তব্যকে ‘উদ্ভট’ বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির নেতৃত্ব ও বিভক্তি নিয়ে করা ওবায়দুল কাদেরের বক্তব্যের ভিত্তিতে এই কথা বললেন ফখরুল।
ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, ‘এত দিনেও যদি জেনে না থাকেন যে বিএনপির নেতা কে আর আন্দোলনের নেতা কে, তাঁদের সরকারি দলে থাকার অধিকার আছে বলে আমি মনে করি না।’
আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন ফখরুল।
বিএনপির মহাসচিব আরো বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপিকে নানাভাবে বিভক্ত দল বলেছেন। বিএনপির আন্দোলনের নেতা কারা তা জানতে চেয়েছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপির নেতা দলের চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়া এবং তাঁর অসুস্থতার কারণে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।’
মির্জা ফখরুল ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি তো এই কথাগুলো বলেন শুধু বিভ্রান্ত করার জন্য। আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই, বিএনপি দ্বিধাবিভক্ত নয়।’ এর সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মধ্য দিয়ে, গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করবে এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবে।’