শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ঐতিহাসিক ৭ মার্চের দিন আজ

ওএনপিনিউজডেস্ক২৪ 07 মার্চ 2025, 11:33 দুপুর 124 বার পঠিত
ঐতিহাসিক ৭ মার্চের দিন আজ

আজ ঐতিহাসিক ৭ মার্চ, বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক গৌরবময় দিন। ১৯৭১ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) লাখো মুক্তিকামী মানুষের সামনে এক অবিস্মরণীয় ভাষণ দেন, যা বাঙালির মুক্তির দিকনির্দেশনা হিসেবে পথ দেখিয়েছে।

বজ্রকণ্ঠে বঙ্গবন্ধু ঘোষণা করেন, 'রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেবো। এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো, ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা!'—এই ঘোষণাই ছিল মুক্তিযুদ্ধের অনন্য প্রেরণা। বঙ্গবন্ধুর এই ভাষণ বাঙালির স্বাধীনতা ও জাতীয়তাবোধের প্রতীক হয়ে ওঠে এবং মুক্তিযুদ্ধের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মাত্র ১৯ মিনিটের ভাষণে বঙ্গবন্ধু তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির পূর্ণ চিত্র তুলে ধরেন। তিনি সামরিক আইন প্রত্যাহার, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর, সেনাবাহিনীকে ব্যারাকে ফেরত পাঠানো এবং গণহত্যার বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানান।

বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক ভাষণ শুধু রাজনৈতিক দলিল নয়, এটি জাতির সাংস্কৃতিক পরিচয়ও বহন করে। ইউনেস্কো ২০১৭ সালে ভাষণটিকে বিশ্ব ঐতিহ্যের গুরুত্বপূর্ণ প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি দেয়। এ ভাষণ পৃথিবীর বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে এবং আজও তা বিশ্ব ইতিহাসে অনন্য এক উদাহরণ হয়ে রয়েছে।