বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নটরডেম কলেজের ছাত্র মৃত্যুর ঘটনায় অভিযুক্ত গাড়ি চালক গ্রেফতার

অনলাইন নিউজ পোর্টাল 26 নভেম্বর 2021, 06:12 বিকাল 285 বার পঠিত
নটরডেম কলেজের ছাত্র মৃত্যুর ঘটনায় অভিযুক্ত গাড়ি চালক গ্রেফতার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির চাপায় নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান নিহতের ঘটনায় অভিযুক্ত গাড়ির মূল চালককে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন শুক্রবার দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডিএসসিসির ময়লার গাড়ির চাপায় নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান নিহতের ঘটনায় ছায়া তদন্ত শুরু করে র‌্যাবের গোয়েন্দা দল। তদন্তকালে র‌্যাবের অভিযানে অভিযুক্ত গাড়ির চালক হারুন মিয়া ওরফে কাইল্লা হারুনকে (৩৭) গ্রেফতার করা হয়েছে। রাজধানীর যাত্রাবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, অবৈধভাবে গাড়ি বরাদ্দ নিয়ে তা চালানোয় পরিচ্ছন্নতাকর্মী হারুন মিয়া ও এ কাজে সহযোগিতা করায় পরিচ্ছন্নতাকর্মী আব্দুর রাজ্জাককে কর্মচ্যুত করা হয়েছে।

তিনি জানান, বরাদ্দ গাড়ি নিজে না চালিয়ে নিয়মবহির্ভূতভাবে অন্যকে চালাতে দেওয়ায় করপোরেশনের গাড়িচালক মো. ইরান মিয়ার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু ও সাময়িক বরখাস্ত করা হয়।